
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল', নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক।
শেষ আপডেট: 24 May 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল' এর জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি বৈঠকে বসছে প্রশাসন।
সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩টেয় নবান্নে অনুষ্ঠিত হবে সচিব পর্যায়ের ওই বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, পূর্ত, জনস্বাস্থ্য, বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন দফতরের সচিবরা।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্যভাগে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে। শুক্রবারই তা গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার ঘূর্ণিঝড় 'রেমাল'-এর ল্যান্ডফল হতে পারে। যার জেরে ঘণ্টায় ১৩০ কিমি বেগে হাওয়া বওয়ার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম খোলা হবে। এ ব্যাপারে প্রতিটি জেলাতে, বিশেষ উপকূলবর্তী জেলাগুলিতেও কন্ট্রোল রুম খোলার প্রস্তুতি শুরু হয়েছে।
ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণেরও পরামর্শ দেওয়া হয়েছে। এব্যাপারে নজরদারি রাখবে প্রশাসনও।
ঘণ্টায় ১৩০ কিমি বেগে ঝড়ের গতিবেগ থাকবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে ঝড় বৃষ্টির পর বিভিন্ন এলাকায় গাছ ভেঙে সমস্যা তৈরি হতে পারে। বহু এলাকার বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ। এজন্য দমকল, বিপর্যয মোকাবিলা-সহ বাকি দফতরকে আগে থেকেই তৈরি রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্যই এই বৈঠক বলে জানা যাচ্ছে।