
শেষ আপডেট: 14 August 2023 07:31
দ্য ওয়াল ব্যুরো: প্রবাদপ্রতিম ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে পরিচারিকাকে নিগ্রহের অভিযোগ উঠল। মেয়েটিকে এমনভাবে মেরে মুখ-চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে যে রাতেই হাসপাতালে ভর্তি করতে হয় বলে খবর। এই ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিকে ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
শুক্রবার শ্যামপুকুর থানায় লিপিকা ঘোষ নামের এক মহিলা নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মিতা রায় এবং পুস্কর রায়ের বিরুদ্ধে। অভিযুক্ত দু’জন কুমারটুলি পার্কে প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়ির বাসিন্দা। লিপিকা ওই বাড়িতেই পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, ওই মহিলাকে বেদম মারধর করা হয়েছে। তিনি থানায় মিতা ও পুষ্কর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। লিপিকা বলেছেন, অত্যাচারের মাত্রা এতটাই ছিল যে তাঁকে হাসপাতালে যেতে হয়। অতীতে বহুবার তাঁকে মারধর, গালিগালাজ (Woman Abuse) করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই পরিচারিকা।
আরও পড়ুন: যাদবপুরে ‘ইন্ট্রো’র ভিডিও পেতে ফরেনসিক পরীক্ষা, মৃত ছাত্রের ডায়েরিতে লেখা রুদ্রই বা কে!
পঙ্কজ রায় প্রখ্যাত ক্রিকেটার। বাঙালির ক্রিকেট আইকন ছিলেন তিনি। তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটায় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। শোনা গেছে, রায় বাড়ির শরিকি বিবাদ অনেক দিনের। পঙ্কজ রায়ের বাড়িতে যাঁরা থাকছিলেন তাঁদের বিরুদ্ধেই অভিযোগ। নানা কারণে নাকি অশান্তি লেগেই থাকে বাড়িতে। তারই ফল হতে পারে পরিচারিকা নিগ্রহ। এর আগেও এমন অভিযোগ উঠেছিল। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তই পলাতক। তাঁদের খোঁজ চলছে। মামলাকারীর (Calcutta High Court) অভিযোগ বেদম প্রহারে ওই পরিচারিকার মুখ বিকৃত করে দেওয়া হয়েছে। এদিনই দুপুর দুটোয় মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।