
শেষ আপডেট: 10 April 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬০০০। মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যেই জানা গেছে, কোউইন অ্যাপের মাধ্যমে তাড়াতাড়িই মিলবে কোভোভ্যাক্স (Covovax ) টিকা। এই টিকার দাম হতে পারে ২২৫ টাকা।
কোউইন অ্যাপে বুকিং-এর মাধ্যমে মিলবে এই টিকা। সুতরাং, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পাশাপাশি আরও একটি টিকা বুস্টার (booster) হিসাবে ব্যবহার করা যেতে পারে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি এই টিকায় ছাড়পত্র দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে এখনও নতুন এই টিকা নিয়ে সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রের খবর, কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দুটো ডোজের পর এই কোভোভ্যাক্স টিকার বুস্টার হিসেবে নেওয়া যেতে পারে। সিরামের ডিরেক্টর প্রকাশকুমার সিংহ জানান, এই কোভোভ্যাক্স টিকাকে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) সবুজ সঙ্কেত দিয়েছে। তবে আবারও যে হারে দেশে করোনার সংখ্যা বাড়ছে, তাতে আশঙ্কিত চিকিৎসকেরা।
ভাঙড়ে আইএসএফের অফিস সরকারি জমিতে! ভাঙতে গেল ভূমি রক্ষা কমিটি, সংঘর্ষে ধুন্ধুমার