
শেষ আপডেট: 17 February 2023 05:41
দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের তিন সদস্য সনিয়া, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লুসি) (Congress working committee) স্থায়ী সদস্য করার ভাবনা শুরু হয়েছে দলে। এ জন্য দলের সংবিধান (constitution) বদল নিয়ে ভাবনাচিন্তা চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও কংগ্রেস (Congress) ওয়ার্কিং কমিটির আজীবন সদস্য করার প্রস্তাব নিয়ে ভাবছে দল। গান্ধী পরিবারের তিন সদস্যের মধ্য অন্তত সনিয়া ও রাহুলকে সিডব্লুসি-র স্থায়ী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
কংগ্রেসের সংবিধান সংশোধন কমিটির চেয়ারপারসন অম্বিকা সোনি সম্প্রতি দিল্লিতে গান্ধী পরিবারের তিন সদস্য এবং মনমোহন সিংহকে সিডব্লুসি-র স্থায়ী সদস্য করার প্রস্তাব নিয়ে আলোচনা করেন। কমিটির বাকি সদস্যরা হলেন, রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল ওয়াসনিক, অভিষেক মনু সিংভি, কেসি বেণুগোপাল, অজয় মাকেন, প্রমুখ।
আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছত্তীশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন। মল্লিকার্জুন খাড়্গে সভাপতি হওয়ার পর রায়পুরেই হতে চলেছে প্রথম অধিবেশন। সেখানে ওয়ার্কিং কমিটি চূড়ান্ত রকরা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সভাপতিকে নিয়ে ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা ২৪। এরমধ্য ১২জনকে সভাপতি স্বয়ং মনোনীত করেন। বাকি পদগুলির জন্য ভোটাভুটি হওয়ার কথা। অবশ্য বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন ছাড়াই বাকিদের বেছে নেওয়া সম্ভব। সভাপতি নির্বাচনে তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি জানিয়ে দিয়েছেন, সিডব্লুসি নির্বাচনে প্রার্থী হবেন না।
সংসদে কংগ্রেসের দলনেতাও সভাপতির মতো বিনা নির্বাচনে মনোনীত হন। বর্তমানে ওই পদে থাকা সনিয়া গান্ধী সরাসরি সিডব্লুসির সদস্য হবেন। কিন্তু দলের একাংশ চাইছে তাঁকে দলের নীতি নির্ধারণ এবং কার্যকরী কমিটিতে সনিয়াকে আজীবন সদস্যের মর্যাদা দিতে।
কংগ্রেস শিবিরে চর্চা চলছে রাহুল, প্রিয়ঙ্কাদের মনোনীত সদস্যের কোটাতেও সিডব্লুসি-র সদস্য করতে পারেন খাড়্গে। মনোনীত সদস্য হিসাবে মূলত কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা-সহ অঙ্গ সংগঠনের সভাপতিদের মনোনীত করা হয়। গান্ধী পরিবারের দু’জনকে ওই কোটায় সিডব্লুসি-তে নিলে মনোনীত সদস্য হিসাবে দু’জন সুযোগ হারাবেন। ফলে সনিয়াদের ভবিষ্যৎ এখনও চূড়ান্ত করেনি দল।
গান্ধী পরিবারের তিন সদস্যকে সিডব্লুসি-র স্থায়ী সদস্য করার প্রতিক্রিয়া দলে এবং দলের বাইরে কেমন হতে পারে তা নিয়েও ভাবতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে। অনেকেই মনে করছেন, এই পথ এড়ানোই ভাল। কারণ, খাড়্গেকে সভাপতি করায় বিজেপির গান্ধী পরিবারকে আক্রমণের ধার অনেকটা কমে গিয়েছে। সনিয়াদের তিনজনকে সিডব্লুসি-তে নিলে ফের সেই ইস্যুতে মুখ খোলার সুযোগ পেয়ে যাবে গেরুয়া শিবির।
যে ১২ পদে নির্বাচন হওয়ার কথা তাতে প্রায় ৫০জন প্রত্যাশী আছেন। ভোট হলে এআইসিসি-র ১৪০০ সদস্য ভোট দেবেন। ভোটদানের জন্য একমাস আগে নোটিস পাঠাতে হয় তাঁদের। এবার এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। ফলে রায়পুরে ভোট হচ্ছে না ধরেই নেওয়া যায়। অবশ্য সহমতের ভিত্তিতে ১২জনকে বেছে নেওয়া সম্ভব। নরসিংহ রাও সভাপতি থাকাকালে শেষবার সিডব্লুসি-র সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। সনিয়া, রাহুলদের সময় সভাপতি এবং সিনিয়র নেতারা বাকিদের বেছে নিয়েছিলেন। দলীয় সূত্রের খবর, রাহুল গান্ধী এবারও ভোটাভুটি এড়ানোর পক্ষে মত দিয়েছেন।
ঝলসে যাওয়া গাড়িতে দুই মুসলিম যুবকের পোড়া কঙ্কাল উদ্ধার হরিয়ানায়, গরু চোর সন্দেহে খুন!