দ্য ওয়াল ব্যুরো : জুন মাসে পিডিপি সরকারের অপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। ইস্তফা দেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তখন থেকেই রাষ্ট্রপতি শাসন জারি আছে জম্মু-কাশ্মীরে। এবার প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ইঙ্গিত দিয়েছেন, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ও ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে সরকার গড়তে পারে কংগ্রেস।
গুলাম নবি আজাদ বলেন, কংগ্রেস, পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স, তিনটি দলই মনে করে, তাদের একজোট হয়ে সরকার গঠনের চেষ্টা করা উচিত। অবশ্য আমি একটা সম্ভাবনার কথা বলছি। তার বেশি কিছু নয়।
পর্যবেক্ষকদের মতে, গুলাম নবি আজাদ পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, এখনও তিন দলের ঐক্যের বিষয়টি চূড়ান্ত হয়নি।
পিডিপি-র বিধায়কের সংখ্যা ২৮, ন্যাশনাল কনফারেন্সের ১৫ ও কংগ্রেসের ১২। তিন দল ঐক্যবদ্ধ হলে জম্মু-কাশ্মীর বিধানসভায় গরিষ্ঠতা পাবে। তবে ওই রাজ্যে বরাবর পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স পরস্পরের বিরোধিতাই করে এসেছে। এমন দুই দলকে সঙ্গে নিয়ে রাজ্যে সরকার গঠনের জন্য কংগ্রেসের চেষ্টা কতদূর সফল হবে, তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই।
এরই মধ্যে রাজ্যে আর একটি জোটের কথাও শোনা যাচ্ছে। প্রাক্তন মন্ত্রী ইমরান রেজা আনসারি চেষ্টা করছেন যাতে সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্স এবং পিডিপি-র কয়েকজন বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে একটি তৃতীয় ফ্রন্ট বানানো যায়। গত মঙ্গলবার পিডিপি-র প্রতিষ্ঠাতা সদস্য তথা বারামুলার সাংসদ মুজফফর হুসেন বেগ ইঙ্গিত দেন, তিনি তৃতীয় ফ্রন্টের পক্ষপাতী। লোন আমার ছেলের মতো। পিপলস কনফারেন্স আমার ‘বাড়ি’।
তাঁর কথায়, আমি লোনের বাবার বন্ধু। পিপলস কনফারেন্সের গঠনতন্ত্র আমি তৈরি করেছি। তার ভিত্তিতে নির্বাচনেও লড়েছি। পিপলস কনফারেন্স রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দল হয়েছে। সাজ্জাদ লোন যদি মনে করে, তৃতীয় ফ্রন্ট হওয়া উচিত, আমি তার কথা বিবেচনা করে দেখব। কারণ মানুষও চায় নতুন কিছু হোক।
তাঁকে প্রশ্ন করা হয়, তৃতীয় ফ্রন্ট হলে আপনি কি তাতে যোগ দেবেন? তিনি বলেন, আগে পি ডি পি নেতাদের প্রতিক্রিয়া দেখি, তারপর স্থির করব।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদ মারা যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাঁর মেয়ে মেহবুবা মুফতি। তাঁর সঙ্গে শুরু থেকেই বিজেপির মতবিরোধ ছিল। শেষে বিজেপি তাঁর সরকারের অপর থেকে সমর্থন তুলে নেয়। তখন থেকে রাজ্যে কোনও নির্বাচিত সরকার নেই।