
শেষ আপডেট: 6 December 2023 17:10
দ্য ওয়াল ব্যুরো: ফের ঝালদা পুরসভা নিয়ে আইনি জট। আগামী ৮ ডিসেম্বর ওই পুরসভার আস্থা ভোট হচ্ছে না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।
দীর্ঘদিন ধরেই ঝালদা পুরসভা নিয়ে আইনি জটিলতা চলছিল। সম্প্রতি বিচারপতি অমৃতা সিংহ ৮ ডিসেম্বরের মধ্যে আস্থাভোটের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ করে বিচারপতি অরিজিৎ বন্ধ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চেয়ারম্যানকে অপসারণের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিই অনুসরণ করতে হবে। ফলে আপাতত ৮ ডিসেম্বর আস্থাভোট হচ্ছে না।
মাস তিনেক আগে ঝাল পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায় সহ চার কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। দলবদলকারীদের মধ্যে ছিলেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন, বিজয় কান্দু, পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকার। দলবদলের পর ঝালদা পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। এরপর ১৪ সেপ্টেম্বর পুরসভার উপ পুরপ্রধান পূর্ণিমা কান্দু পদ থেকে ইস্তফা দেন।
এরপরই ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে গত ২৩ নভেম্বর জোড়া মামলা হয় কলকাতা হাইকোর্টে। বর্তমান পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। একই দাবিতে ৫ তৃণমূল কাউন্সিলরও আরেকটি মামলা দায়ের। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছিলেন, জেলাশাসকের উপস্থিতিতে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় আস্থাভোট করাতে হবে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তা নিয়ে রিপোর্টও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।
বুধবার বিচারপতি সিংহের নির্দেশকে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুরসভাই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আদালত এই বিষয়ে আস্থাভোট করানোর নির্দেশ দিতে পারে না। সেক্ষেত্রে পুরসভা যদি আস্থাভোট করানোর প্রয়োজন আছে মনে করে তাহলেই করবে।