
শেষ আপডেট: 25 January 2024 17:03
দ্য ওয়াল ব্যুরো: মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় ৭টি ধারায় মামলা করেছে সিবিআই। এই এফআইআর-এর কপি আলিপুর আদালতে ইতিমধ্যেই জমা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই-কে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। তা অবশ্য ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে নিজের আগের নির্দেশই বহাল রাখেন তিনি।
অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল করা, প্রতারণা, জালিয়াতি সহ মোট ৭টি ধারায় মামলা দায়ের করেছে সিবিআই। এর কপি এদিনই আলিপুর আদালতে জমা দিয়েছে তারা। তবে এই এফআইআর-এর কপি জমা দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। আইনজীবীদের একাংশের প্রশ্ন, ডিভিশন বেঞ্চ নির্দেশ খারিজ করার পর কী ভাবে সিবিআই এই এফআইআর করতে পারে?
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ বেআইনি! মেডিকেল মামলায় এমনই মন্তব্য করে সিবিআইকে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দেন তিনি। এছাড়া বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেন। যা নিয়ে তোলপাড় চলছে বাংলায়।