
শেষ আপডেট: 5 March 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানকে সিবিআই-র হাতে দিল না সিআইডি। হাইকোর্টের নির্দেশ মতো, শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে এসেছিলেন সিবিআই কর্তারা। কিন্তু প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করে তাঁদের খালি হাতে ফিরে যেতে হল।
মঙ্গলবার সন্দেশখালি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, বিকেল সাড়ে ৪টের মধ্যেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।
অন্যদিকে, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি চায় রাজ্য। পরে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট ওই আর্জিতে সাড়া দেয়নি।
উচ্চ আদালতের নির্দেশ মাফিক বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছন সিবিআই অফিসাররা। আই কার্ড দেখিয়ে তাঁরা ঢোকেন। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বিকেল সাড়ে ৪ টে বেজে গেলেও শাহজাহানকে হাতে পেল না সিবিআই। শেষ পর্যন্ত প্রায় সন্ধে ৭ টা নাগাদ ফিরে যেতে হল তাঁদের।
সিাইডির তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে এই সংক্রান্ত মামলা চলছে। আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সিআইডি সূত্রের খবর, রাজ্যের তদন্তকারী সংস্থার তরফে সিবিআইকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তাই এখনও শেখ শাহজাহানকে সিবিআই-র হাতে তুলে দেওয়া যাবে না।
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে এসেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেসময় শাহজাহানের অনুগামীদের হামলায় আহত হন তিন ইডি আধিকারিক। সেই হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। যা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি অভিযোগের তদন্তের ভার রাজ্য পুলিশকে সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।