
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 December 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও বা ওভারহেড কিংবা রেল ট্র্যাকের কাজের জন্য ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত করার বিজ্ঞপ্তি জারি করে রেল। রেলের দাবি, যাত্রী সুরক্ষার স্বার্থেই সংস্কারের কাজের জন্য এটা করতে হয়। বর্ষশেষ কিংবা নতুন বছরের শুরুতেও সেই ধারা অব্যাহত!
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্ষশেষ থেকে বর্ষ শুরুর সময়ে টানা প্রায় ১ মাস হাওড়া রুটে একাধিক ট্রেন বাতিল থাকবে। একইভাবে কিছু দুরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। যা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ যাত্রীরা টিপ্পনি কেটে বলছেন, "ঠিকই আছে। ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত করা ছাড়া রেল আর কী বা দিতে পারে!"
রেল সূত্রের খবর, ২১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ও দুরপাল্লার ট্রেন বাতিল থাকবে। রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়ার অদূরে বেনারস রোডে সেতুর কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। যে কারণে শনিবার অর্থাৎ ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি হাওড়ার বিভিন্ন রুটে ৬০টি ট্রেন বাতিল করা হচ্ছে।
এর মধ্যে ব্যান্ডেল-হাওড়া রুটে ১৫টি লোকাল, শেওরাফুলি-হাওড়া রুটে ১১টি, বেলুরমঠ-হাওড়া রুটে ২টি ট্রেন বাতিল থাকবে। একইভাবে শ্রীরামপুর-হাওড়া রুটে ২টি ট্রেন বাতিল থাকবে। আপ ও ডাউন লাই মিলিয়ে বাতিল লোকাল ট্রেনের সংখ্যা মোট ৬০টি।
একইভাবে ২৩ ও ২৮ ডিসেম্বর আপ হাওড়া –বর্ধমান মেমু স্পেশাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। সংশ্লিষ্ট সময়ে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হচ্ছে।
অন্যদিকে হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে বেশ কিছু লাইনে পাওয়ার ব্লকের কাজের জন্য আগামী বছরের ২২ জানুয়ারিও একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে।