
শেষ আপডেট: 16 December 2022 14:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) জট কাটছেই না। আটদিন পেরিয়ে পড়ুয়াদের অনশন আজ, শুক্রবার ন'দিনে পড়ল। এদিন মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষদের সঙ্গে বিক্ষোভকারীরা আলোচনা বসলেও মাঝপথেই সেটা ভেস্তে যায়। মিটিং ছেড়ে বেরিয়ে যান অধ্যাপকরা।
মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের (Student Council Election) দাবি নিয়ে বেশ কয়েকদিন উত্তপ্ত হাসপাতাল চত্বর। পড়ুয়ারা নিজেদের তিন দফা দাবি নিয়ে অনশনে বসেছেন। অবিলম্বে নির্বাচন করাতে হবে, এমনই আওয়াজ তুলেছেন তাঁরা। পাশাপাশি যতদিন না তাঁদের দাবি মানা হবে অনশন উঠবে না বলেও স্পষ্ট জানান তাঁরা।
কলেজ কর্তৃপক্ষ বারবার এই জট কাটানোর চেষ্টা করছে। আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। এদিকে স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, যদি অনশন না তোলা হয় তবে কোনও আলোচনা নয়। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত হয়নি।
আজ অনশনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন মেডিক্যাল কলেজের অধ্যাপকেরা। অভিযোগ, বৈঠকের মাঝেই পড়ুয়ারা রীতিমতো আক্রমণের সুরে কথা বলেন অধ্যাপকদের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকের মধ্যে অধ্যাপকদের উদ্দেশে পড়ুয়ারা বলেছেন, 'আপনাদের চেয়ারের কোনও যোগ্যতা নেই। আপনারা একটা করে দিন ঠিক করেন আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই বৈঠক ভেস্তে দেন।'
জানা গেছে, ছাত্রদের মুখে এমন কথা শুনে বৈঠক ছেড়ে বেরিয়ে যান অধ্যাপকেরা। এদিনের বৈঠক নিয়ে কলেজের প্রিন্সিপাল অঞ্জন অধিকারী জানান, 'এমন আলোচনা অর্থহীন।' বিষয়টি স্বাস্থ্যভবনকেও জানান। এখন দেখার এরপর মেডিক্যাল কলেজের এই পরিস্থিতি কোনদিকে বাঁক নেয়।
নিয়োগ দুর্নীতির ম্যাজিক কি পিসি সরকারে ছোঁয়ায়? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বললেন জাদুকর