
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 11 October 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই সপ্তমীতে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান দেওয়ার ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল অভিযুক্তদের পরিবার। সূত্রের খবর, শুক্রবার অর্থাৎ মহানবমীর দিন দুপুর দু’টোয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
অভিযোগ, ত্রিধারা সম্মিলনীর পুজো দেখতে গিয়ে এই ৯ জন 'বিচার চাই' স্লোগান দেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। সেই কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এই গ্রেফতারির খবর পেয়ে বুধবার রাতেই মিছিল করে লালবাজারে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের একটি দল। তাঁরা সেখানে অবস্থান-বিক্ষোভও শুরু করেন। বৃহস্পতিবার সকলকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলে সেখানেও উত্তপ্ত হয় পরিস্থিতি।
আরজি করের নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে বুধবার উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সন্ধেয় ত্রিধারা মণ্ডপে জুনিয়র ডাক্তারদের হাতে প্রতীকী মূর্তি দেখে বেশ কিছু মানুষ 'বিচার চাই' স্লোগান তোলেন। যার জেরে মণ্ডপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে যান কয়েকজন। তাঁদের মধ্যেই ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
কেন সকলকে গ্রেফতার করা হয়েছে তার যুক্তি আদালতে দিয়েছে পুলিশ। তাঁদের পক্ষের আইনজীবীর বক্তব্য, স্বতঃপ্রণোদিতভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। এক জনের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করা হয়েছে। পুলিশ এও জানিয়েছে, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গেছে তাঁরা এই ঘটনা পরিকল্পনামাফিক ঘটিয়েছে! জামিন পেলে অন্য পুজো মণ্ডপেও একই ধরনের ঘটনা ঘটাতে পারে তাঁরা।
কিন্তু পুলিশের দাবিকে মান্যতা দিতে নারাজ ধৃতদের পরিবার। উল্টে প্রশাসনের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে হাইকোর্টের দ্বারস্থ হল ৯ জনের পরিবার। পুজোর কারণে হাইকোর্ট ছুটি থাকলেও এদিন দুপুরে বসছে বিশেষ বেঞ্চ।