
কলকাতা হাইকোর্ট
শেষ আপডেট: 17 March 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কৃষ্ণনগর (Krishnanagar) থানা এলাকার আশ্রমপাড়ায় ১৮ বছরের নাবালিকার মৃত্যুর ঘটনায় রাজ্যের থেকে কেস ডায়ারি (case Diary) তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
গত বছর ১৫ অক্টবর বিকেল সাড়ে ৫টায় বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে ওই নাবালিকা বের হন। আবেদনকারী অর্থাৎ মৃতার মায়ের সঙ্গে শেষ কথা হয় রাত সাড়ে ৮টা নাগাদ। পরের দিন সকাল ৮টা নাগাদ জানতে পারেন তাঁর মেয়ের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে।
ওই দিনই দুপুর ১টায় থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগ, পুলিশ চার্জশিট জমা দিয়েছে ঠিকই কিন্তু বিএনএস ১০১ (খুন) ধারা যুক্ত না করে ১০৮ (আত্মহত্যা) ধারায় চার্জশিট দেয়। তাই সিবিআই বা সিট তৈরি করে যদি তদন্ত করা যায়, সেই আরজি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী।
এদিন মামলার শুনানিতে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল জবাবে বলেন, মেয়েটির ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ১৫ অক্টবর ২০২৪-এ তিনি নিখোঁজ হন। তারপরের দিনই দেহ উদ্ধার হয়। ঘটনায় যেন সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে পুনরায় তদন্ত করার আর্জি জানান তিনি। প্রসঙ্গত, এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।
এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেস ডায়েরি জমা করার নির্দেশ দেন। পাল্টা আবেদনকারীর আইনজীবী মনে করুয়ে দেন, কেস ডায়েরিতে ধর্ষণের ধারা যুক্ত করা হয়নি। বিচারপতি জানান, আগে কেস ডায়েরি দেওয়া হোক, তার ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও যৌন হেনস্থার কিছু প্রমাণিত হয়নি।
এরপর আইনজীবী প্রশ্ন তোলেন, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। কীভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া যাবে? বিচারপতি জানান, রাজ্যকে কেস ডায়েরি জমা করতে হবে। ২৪ মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে।