.webp)
শেষ আপডেট: 20 February 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের গোথা এয়ার স্কুলের 'ভুয়ো' শিক্ষকের ঘটনায় রাজ্য পুলিশের কাছ থেকে তদন্তভার সিআইডি ডিজি-র হাতে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি দেখে এবার সিআইডির ওপরই রেগে গেলেন তিনি।
মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ,"অভিযুক্তদের গ্রেফতার করতে তার বাড়ি গিয়ে চিঠি দিয়ে জানিয়ে আসবেন, আপনাকে আমরা গ্রেফতার করব!"
একই সঙ্গে বিচারপতি বলেন, "এই মামলায় সিআইডি ডিআইজি শুধু আদালতকে নিরাশ করেছে তাই নয়, তদন্ত অত্যন্ত ধীর গতিতে চলছে।' এরপরই সিআইডির ডিআইজিকে বুধবার সকাল সাড়ে ১০টায় সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের ওই স্কুলে (Murshidabad School) চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি। অভিযোগ ছিল, তাঁর বাবার (ওই স্কুলেরই শিক্ষক) যোগসাজশে সুপারিশপত্র মেমো নকল করে চাকরি পেয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে সিবিআই নয়, সিআইডি ডিজির উপর ভরসা রেখেছিল আদালত।
আদালত সূত্রের খবর, এই মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে সিআইডি এখনও তিনজনকে গ্রেফতার করতে পারেনি। এই মামলায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরও।
এদিন ভরা এজলাসে তৃণাঙ্কুরের নাম উল্লেখ করে বিচারপতি বলেন, "সিআইডি সঠিকভাবে তদন্ত করছে না।" ওই সময় সরকারি আইনজীবী আদালতকে জানান, অভিযুক্তদের চিঠি পাঠানো হয়েছিল।
যা শুনে অত্যন্ত রেগে যান বিচারপতি। এরপরই সিআইডিকে ভর্ৎসনা করে তিনি বলেন, "অভিযুক্তকে গ্রেফতারের জন্য বাড়িতে চিঠি দিয়ে আসবেন?"