
শেষ আপডেট: 12 May 2022 10:55
দ্য ওয়াল ব্যুরো: যে বাড়িগুলিতে বেশি ফাটল সেখানকার (Bowbazar) বাসিন্দারা ভয়ে রাতেই বাড়ি ছেড়েছেন। কম ফাটল যেসব বাড়িতে, সেখানকার বাসিন্দারা সকাল থেকে বাড়ি ছাড়তে চাইছিলেন না। পুলিশ তাঁদের বোঝায়, পরিস্থিতি ভালো নয়। এখন গেলে কাছাকাছি জায়গায় হোটেল পাওয়া যাবে। এরপরই জিনিসপত্র গোছানো শুরু করেন তাঁরাও।
এখনও পর্যন্ত মোট ১২টি বাড়িতে ফাটল দেখা গেছে। এক একটি বাড়িতে ৬-৭টি পরিবারের বাস ছিল। সবমিলিয়ে নতুন করে ঘরছাড়া হলেন বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেনের প্রায় দুশো বাসিন্দা।

মাঝবয়সি অনিতা পাল আর তাঁর মেয়ে রাতেই বাড়ি ছেড়েছেন। কিন্তু সবজিনিস নিয়ে যেতে পারেননি। তাই বারবার আসছিলেন ফাটল ধরা বাড়ির দোতলায়। বললেন, 'আমরা কিছু টের পাইনি। কিন্তু কাল রাতে দেখি সিলিং থেকে চাঙড় খসে পড়ছে। ভয় পেয়ে যাই। তারপর দেখি দেওয়ালে বড় বড় ফাটল। মেয়েকে আর ঘরে ঢুকতে দিচ্ছি না। আমি এসে এসে জিনিসপত্র নিয়ে যাচ্ছি।'

রাত থেকেই গলি ঘিরে রেখেছে পুলিশ। সকালে ঘটনাস্থলে আসেন নগরপাল বিনীত কুমার গোয়েল ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim)। মেয়র বলেন, 'বেশিরভাগই বিপজ্জনক বাড়ি। মেট্রোর গাফিলতির জন্য এটা হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ বিষয়টিতে বৈঠক করে ব্যবস্থা নেবে।'
দীর্ঘদিনের সংসার। আচমকা তুলে নিয়ে যাওয়া কঠিন। তাও যতটা পারা যায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন শুভাশিস দাস। তাঁরও ঠাঁই হয়েছে হোটেলে। বললেন, 'সব ফার্নিচার পড়ে রইল। রোজকার ব্যবহারের জিনিস ছাড়া কিছুই নিতে পারলাম না। এখন মেয়ের বইপত্র আর মায়ের জিনিস নিতে এসেছি। নিজেদের রিফিউজি মনে হচ্ছে। বাড়ি থাকতেও আমরা ঘরছাড়া হলাম।'

২০১৯-র অগাস্টের পর ২০২২-র মে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবারও ঘটনাস্থল বউবাজারে সেই দুর্গা পিতুরি লেন। ২০১৯ সালে মেট্রোর কাজ (Metro Work) চলাকালীন ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪০ বাড়ি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলতে হয়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় যেতে হয় বাসিন্দাদের। সেই বাসিন্দারাও এদিন ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে এসেছিলেন।
অমিত সেন বললেন, 'আমরা ২০১৯ থেকেই গেস্ট হাউসে আছি। আজকের এই পরিস্থিতি আমাদেরও হয়েছিল। তাই দেখতে এলাম।'

ক'য়েকমাস আগেই চন্ডী ও ঊর্বি নামে মেট্রোর টানেলে আটকে থাকা দুটি বোরিং মেশিন তোলা হয়েছে। ওই কারণে মাটি সরে গিয়ে এই অঘটন কিনা, দেখছে মেট্রোর ইঞ্জিনিয়াররা। পাশাপাশি ওই এলাকার বাড়িগুলো বহু পুরনো। পুরনো ভিতের বাড়ি, তাই সেগুলো সহজেই ক্ষতিগ্রস্থ হচ্ছে।
নবম-দশমে শিক্ষক: ১০ দিনে মেধাতালিকা, নিয়োগ স্থগিত ১৭ জুন পর্যন্ত