
শেষ আপডেট: 23 August 2019 15:06
দক্ষিণ আমেরিকায়, আমাজন নদীর অববাহিকায় প্রায় ৫৫ লক্ষ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আমাজন রেনফরেস্ট। গত আট মাসে সেখানে ৭২ হাজারটি দাবানল হয়েছে বলে জানা গিয়েছে। তাতেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিশ্বের ফুসফুস। কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। ন'টি দেশ-- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা জুড়ে ছড়িয়ে এই বনভূমি।
তথ্য বলছে, প্রতি মিনিটে প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার জঙ্গল পুড়ে যাচ্ছে রোজ। আমাজনের অঞ্চল ছাড়িয়ে সেই আগুনের ধোঁয়ায় দিনের বেলাতেই অন্ধকার নেমেছে ব্রাজিলের সব চেয়ে বড় শহর সাও পাওলোতে। আমাজন অরণ্য থেকে সাও পাওলোর দূরত্ব প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার। সারা পৃথিবীকে অক্সিজেনের জোগান দেওয়া ছাড়াও গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে রাখে এই অরণ্য। এখন এই দাবানলের ফলে সেখান থেকেই বিপুল পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। বিষিয়ে যাচ্ছে পরিবেশ। সেই সঙ্গে ভেঙে পড়ছে অরণ্যের বাস্তুতন্ত্রও। পৃথিবীর সব চেয়ে জীব বৈচিত্র্যে ভরপুর এই অরণ্যে ২৫ লক্ষের বেশি পতঙ্গের প্রজাতি, ৪০ হাজারের বেশি গাছের প্রজাতি, দু'হাজার পাখি ও স্তন্যপায়ী প্রজাতি এবং ২,২০০ প্রজাতির মাছের বাস এই আমাজনে। আগুনে পুড়ে যাচ্ছে তারাও। বলিভিয়ার চেষ্টায় আমাজনের এই ঝলসে যাওয়া আটকানো যায় কি না, সেটাই এখন দেখার।