
শেষ আপডেট: 1 September 2022 17:16
দ্য ওয়াল ব্যুরো: কয়েকমাস আগেই নবী ও নূপুর শর্মা নিয়ে বিতর্কের জেরে রাজস্থানে এক দর্জি তথা বিজেপি কর্মীকে গলা কেটে খুন করা হয়েছিল। এবার গুরগাঁওয়ে (Gurgaon) এক বিজেপি (BJP) নেতাকে গুলি করে খুন (shot dead) করা হল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বুধবার গুরগাঁওয়ের সদর বাজার এলাকার একটি কাপড়ের দোকানে ঢুকে পাঁচ দুষ্কৃতী গুলি করে হত্যা করে ওই বিজেপি নেতাকে। যদিও এই ঘটনায় এখনও অবধি কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীর মৃত্যুতে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গেরুয়া শিবির বলছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই খুন করা হয়েছে দলের নেতাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম সুখবীর কাতানা (Sukhbir Khatana)। তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বেশ ঘনিষ্ঠ ছিলেন। কিছুদিন আগেও তিনি স্থানীয় সোহনা বাজার কমিটির অন্যতম পদে ছিলেন। মনে করা হচ্ছে তাঁর হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার ওই নেতাকে খুনের অনেক আগে থেকেই কাপড়ের দোকান ঢুকে বসেছিল সেই পাঁচ দুষ্কৃতী।
প্রয়াগরাজে গঙ্গাবক্ষে দেদার হুক্কা, কাবাব পার্টি! ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেরুয়া শিবিরের ওই নেতা দোকানের ভেতরে প্রবেশ করতেই তাঁর উপরে পরপর গুলি চালানো হয়। ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয় দোকানে উপস্থিতি থাকা অন্যান্য ক্রেতা ও দোকানের কর্মীরা। সেই পাঁচজন দুষ্কৃতীর হাতে আগ্নেয়াস্ত্র থাকায় চোখের সামনে হত্যালীলা চললেও বাধা দিতে পারেননি কেউ। একাধিক গুলি ফুঁড়ে দেয় সুখবীর কাতানার শরীর। এরপরই তারা তড়িঘড়ি দোকান ছেড়ে বেরিয়ে যায়।
বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ আধিকারিক দীপক সাহারন জানান, গুলিবিদ্ধ সুখবীরকে কাতানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, রাস্তাতেই মৃত্যু হয়েছে সেই নেতার। আপাতত সেই বিজেপি নেতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সেই সময় দোকানে থাকা সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পাশাপাশি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।