দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বিজেপি নেতা গুল মহম্মদ মীর। বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে সন্ত্রাসবাদীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনার পরপরই কার্ফু জারি হয়েছে গোটা এলাকায়। শুরু হয়েছে সেনা টহলদারি।
বিজেপি নেতার বাড়ি অনন্তনাগের নওগামে। রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুরের কথায়, শনিবার বিজেপি নেতার বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসবাদীরা। পুলিশের সূত্র অনুযায়ী, তারা সংখ্যায় ছিল তিনজন। বিজেপি নেতার কাছ থেকে তাঁর গাড়ির চাবি চায় দুষ্কৃতীরা। তিনি চাবি দিতে অস্বীকার করলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। রক্তাক্ত লুটিয়ে পড়েন গুল মহম্মদ। এর পরেই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আগামী সোমবার পঞ্চম দফার ভোট উপত্যকায়। তার আগে বিজেপি নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নওগাম, ভেরিনাগ।
গত মাসেই শ্রীনগরের কিশ্তওয়ারে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল এক আরএসএস নেতার।কিশ্তওয়ারের জেলা হাসপাতালে ঢুকে পড়ে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তারক্ষীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল সন্ত্রাসবাদীরা।
প্রসঙ্গত, গত বছর সন্ত্রাসবাদীদের হানায় শ্রীনগরেই প্রাণ গিয়েছিল একাধিক রাজনৈতিক নেতা-কর্মীদের। যাঁদের মধ্যে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অনিল পারিহার ও তাঁর ভাই অজিত। তার আগে আগে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র এক নেতার।