
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 November 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর দিন স্বামীর সঙ্গে স্ত্রীর রাগারাগি হয়েছিল। দু'জনের মধ্যে মিটমাট করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বামীরই তিন সহকর্মী। সেই আশ্বাসে তাঁদের কাছে গিয়েছিলেন স্ত্রী। সেখানেই তাঁকে গণধর্ষণ করে ওই তিন যুবক। এমনই অভিযোগ উঠল। সোমবার রাতে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।
শুধু তাই নয় ধর্ষণের ভিডিও করে সেটা ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তাঁরা। বলেন মুখ বন্ধ রাখতে হবে, দাবি গৃহবধূর। গৃহবধূর স্বামীর অভিযোগ, লক্ষ্মীপুজোর দিনে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাঁর।
পরে রাগ করে মায়ের সঙ্গে তারাপীঠ চলে যান ওই গৃহবধূ। মনোমালিন্যের সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিন সহকর্মী। সেই প্রতিশ্রুতি দিয়ে গত বুধবার তারাপীঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাঁর স্ত্রীকে গণধর্ষণ করা হয়।
গৃহবধূর অভিযোগ, গণধর্ষণের ভিডিও করে রাখেন অভিযুক্তরা। মুখ বন্ধ রাখতে সেই ভিডিও শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দিতে থাকেন। বিষয়টি জানাজানি হতেই প্রথমে মল্লারপুর থানায় মৌখিক ভাবে অভিযোগ জানান গৃহবধূর স্বামী।
কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় মল্লারপুর থানা থেকে তারাপীঠ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়। এর পরপর সোমবার রাতে তারাপীঠ থানায় তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতেই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।