
শেষ আপডেট: 18 June 2022 15:27
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের অগ্নিপথ (Agnipath) স্কিম নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। দেশের ১১টি রাজ্যে ইতিমধ্যেই অগ্নিগর্ভ (Agnipath protest) পরিস্থিতি শুরু হয়েছে। তারই মধ্যে অগ্নিবীদের জন্য নয়া ঘোষণা এল কেন্দ্রের আরও কয়েকটি মন্ত্রক থেকে। অবসর নেওয়া অগ্নিবীরদের এবার চাকরির সুযোগ করে দিল জাহাজ মন্ত্রক (Shipping Ministry)। শুধু তাই নয় ক্রীড়া মন্ত্রকের (Sports Ministry) তরফে একই সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে এই সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। পাশপাশি নিয়োগের ঊর্ধ্বসীমাও বাড়বে। সিআরপিএফ বাহিনীতে অগ্নিবীরদের (Agnipath) অগ্রাধিকার দেওয়া হবে।
এবার অনেকটা সেই পথেই হাঁটল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক ও ক্রীড়া মন্ত্রক। জাহাজ মন্ত্রকের তরফে জানানো হয়, অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য এই মন্ত্রকে ছয়টি বিভাগে কাজের সুযোগ থাকবে। কাজের সুযোগ থাকবে মার্চেন্ট নেভিতেও।
পাশাপাশি, এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান, অগ্নিবীরদের জন্য ক্রীড়া মন্ত্রকের বিভিন্ন বিভাগেও কাজের সুবিধা থাকবে। রাজনৈতিক মহলের মতে, বর্তমানে কেন্দ্রের অগ্নিপথ স্কিম নিয়ে দেশজুড়ে যে অশান্তির আগুন জ্বলছে তা প্রশমিত করার লক্ষ্যেই বিভিন্ন মন্ত্রকের তরফে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই স্কিমের কথা। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধিতার ছবি সামনে আসতে থাকে। দিনে দিনে এই বিক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে সর্বস্তরে।
রাত থেকে ভোর পর্যন্ত ট্রেন বন্ধ বিহারে, ‘অগ্নিপথ’ বিক্ষোভে সিদ্ধান্ত রেলের