
শেষ আপডেট: 12 January 2024 20:45
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তাঁর হাতের ছোঁয়ার শাড়িতে ফুটে ওঠে নিত্যনতুন ডিজাইন। এবার তাঁতে বোনা শাড়িতে ফুটিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ।
সাত মিটার দীর্ঘ এই শাড়িতে নরেন্দ্র মোদীর ৪২ ইঞ্চির পূর্ণ অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম। শাড়ি বুনন শেষ হতে সময় লেগেছে আশি দিন। জগবন্ধু জানিয়েছেন, স্ত্রী, মা-বাবার সাহায্য ছাড়া এই শাড়ি এত কম দিনে বোনা সম্ভব ছিল না।
কাটোয়ার জগদানন্দপুরের তাঁতশিল্পী জগবন্ধু দালাল কয়েকমাস আগেই তাঁতের শাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ফুটিয়ে তুলেছিলেন। সেই শাড়ি নজর কেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিল্পী রাজ্য ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের আধিকারিকদের মাধ্যমে শাড়িটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন।
জগবন্ধুবাবু জানিয়েছেন, বাংলার মানুষের তাঁতের শাড়ির উপর আগ্রহ কমেছে। নিত্য নতুন ডিজাইন দিয়ে বাংলার তাঁতের শাড়ির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে চাইছেন তিনি।
কাটোয়ার এই তাঁত শিল্পী শাড়ি বোনার প্রথাগত প্রশিক্ষণ নেননি। কোল-নারাজে বসে তাঁত কাপড়ের উপর শান-মাকু চালিয়ে সুতোর সূক্ষ শিল্পকর্মে মনীষী, বিখ্যাত ব্যক্তিদের মুখ ফুটিয়ে তোলাতে আলাদা আনন্দ পান বছর চল্লিশের জগবন্ধুবাবু। এবার প্রধানমন্ত্রীর মুখ ফুটিয়ে তুললেন তাঁতের শাড়িতে।
কাটোয়ার জগদানন্দপুরকে তাঁতিপাড়া বললে ভুল কিছু বলা হয় না। এখানে প্রায় প্রতি ঘরেই রয়েছে তাঁত। যদিও যন্ত্রচালিত তাঁতের ব্যবহার বাড়তে থাকায় অবলুপ্তির পথে হস্তচালিত তাঁতের কাপড়ের চাহিদা। তাই এলাকার অনেকেই বংশগত পেশা ছেড়েছেন। সেইসব শিল্পীরা যাতে পুনরায় নিজেদের পেশায় ফিরে আসেন সেই চেষ্টাই চালাচ্ছেন জগবন্ধু।
জগবন্ধুবাবু স্ত্রী প্রতিমার কথায়, আমার স্বামীর তৈরি শাড়ির উপর এই শিল্পকর্ম আমাদের ভাল লাগে। বাংলার মানুষের যদি এইসব শিল্পকর্ম দেখে তাঁত কাপড় কেনায় আগ্রহ বাড়ে তাহলে আমাদের উপকার হবে।''