দ্য ওয়াল ব্যুরো: সারা বাড়ি জুড়ে যেন দাপিয়ে রাজত্ব করে বেড়াত সে। বাড়ির সদস্যরাও ত্রস্ত হয়ে থাকত, তার জন্য। সর্বদা নজর, তার কোনও অসুবিধা হচ্ছে না তো? দিন-রাত সারা বাড়িতে শিকারির নজর তার। আর পাঁচটা বিগেল প্রজাতির কুকুরের তুলনায় একটু যেন বেশিই রাগী ছিল সে। তার নাম ডেইজ়ি। ইংল্যান্ডের কেন্টে স্টেপলহার্সট এলাকার বাসিন্দা জেন হুইটনের আদরের পোষ্য সে।
এ ভাবেই দিব্যি কাটছিল সব। কিন্তু কে জানত, গম্ভীর, রাগী ডেইজ়ির জীবন হঠাৎ বদলে যাবে এ ভাবে! তা-ও আবার তার 'শত্রু' প্রজাতির দুই প্রাণীর জন্য! এমনিতে একেবারেই বিড়াল পছন্দ করে না সে। আর পাঁচটা কুকুরের মতোই, বিড়ালের সঙ্গে তার তুমুল ঝগড়া। তাই ন'সপ্তাহের দু'টি অনাথ বিড়ালছানা ফ্লেচার আর ডেক্সচারকে যে দিন বাড়িতে আনতে বাধ্য হলেন জেন হুইটন, সে দিন একটু চিন্তাতেই ছিলেন তিনি। আন্দাজ করেছিলেন, ডেইজ়ি মোটেই পছন্দ করবে না নতুন সদস্যদের। আলাদা করে, সামলে রাখতে হবে দুই ছোট্ট বিড়ালছানাকে।

কিন্তু হুইটনকে রীতিমতো চমকে দিল ডেইজ়ি! আর সে চমকের গল্প হুইটন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে, চমকে গেছেন নেটিজেনরাও! শুধু চমকে নয়, ডেইজ়ির সঙ্গে দুই বিড়ারছানার ছবি দেখে আর্দ্র হয়ে গিয়েছে পশুপ্রেমীদের মন। ঠিক যেন মায়ের মমতা দিয়ে তাদের আগলে রেখেছে ডেইজ়ি!

৩৬ বছরের হুইটন জানিয়েছেন, এক বছর ধরে তিনি দেখছেন ডেইজ়িকে। সে এমনিতে একটু বদমেজাজি। হিংসুটেও বটে। তার কোনও সন্তানও নেই এথনও। কিন্তু ফ্লেচার আর ডেক্সচারকে আনার পরেই যে ভাবে ডেইজ়ি বদলে গেল, তা কখনও ভাবতেই পারেননি হুইটন! "যেনও-ই বাচ্চা দু'টোর মা! সারা ক্ষণ ওদের আগলে রাখতে লাগল, আদর করতে লাগল। আমরা তো অবাক! আমরা যখন ছানা দু'টিকে বাড়িতে আনলাম ডেইজি খুশিতে লাফাচ্ছিল।"

কথায় বলে, কার মাতৃত্ববোধ যে কখন, কীসে উপচে ওঠে, তা কেউ জানে না। ডেইজ়ির ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছে। ফ্লেচার ও ডেক্সচারকে দেখে আচমকাই ফুটে উঠেছে বদমেজাজি ডেইজ়ির ভিতরে লুকিয়ে থাকা মায়ের সত্ত্বা!
দেখুন ভিডিও।
https://www.facebook.com/Pretty52Official/videos/385213058836646/
তবে সব চেয়ে আশ্চর্যের ব্যাপার হল, ডেইজ়ি বিড়াল ছানা দু'টিকে দুধ খাওয়াতেও শুরু করে! অথচ, সে তো কখনও মা-ই হয়নি! হুইটন বলেন, "আমি দুধ খাওয়ানো দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম! ঠিক যেন ছানা দু'টোর নিজের মা হয়ে গেছে ডেইজ়ি। সব সময় ওদের দেখাশোনা করে। শুধু তা-ই নয়, অন্য কোনও কুকুর ছানাদের সামনে এলেই সতর্ক হয়ে যায় ডেইজ়ি। তাড়া করে দূরে সরিয়ে দেয় তাদের।"