দ্য ওয়াল ব্যুরো : লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিন যেভাবে আগ্রাসন চালাচ্ছে, তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। চিনের উচিত কূটনীতির পথে সীমান্ত নিয়ে বিতর্ক মেটানোর চেষ্টা করা। সোমবার এমনই মন্তব্য করলেন আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিদেশ সংক্রান্ত কমিটির প্রধান এলিয়ট এঞ্জেল। তিনি অভিযোগ করেন, সীমান্তে কোনও নিয়ম-কানুন মানছে না চিন।
এঞ্জেলের কথায়, “ভারত সীমান্তে আগ্রাসন চালাচ্ছে চিন। তারা শান্তিপূর্ণ পথে প্রতিবেশীর সঙ্গে বিরোধ মেটাতে আগ্রহী নয়। আন্তর্জাতিক আইন মেনে চলার দায় নেই তাদের। তারা প্রতিবেশী দেশের ওপরে হামলা করতেই পছন্দ করে।”
ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এঞ্জেল বলেন, “প্রতিটি দেশকে অবশ্যই আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে হবে। সব ব্যাপারে গায়ের জোর ফলালে চলবে না। আমি চিনের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন কূটনীতির পথে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে চেষ্টা করে।”
https://twitter.com/HouseForeign/status/1267501030121582593
মে মাসের শুরুতে লাদাখে সীমান্ত লঙ্ঘন করে চিনা সৈনিকরা ভারতের অভ্যন্তরে ঢুকে আসে। এরপরে ওই অঞ্চলে সেনা সমাবেশ ঘটায় ভারত। প্রায় এক মাস ধরে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতের অভিযোগ, লাদাখ ও সিকিম সীমান্তে তাদের সেনাকে টহল দিতে বাধা দিচ্ছে চিন। এর আগে চিন অভিযোগ করেছিল, ভারতের সেনা তাদের দেশে ঢুকে পড়েছে। সেই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ভারত।
ভারত ও চিনের মধ্যে ৩৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের আলোচনা চলছে দুই দশক ধরে। তার পরেও কোনও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যায়নি। সম্প্রতি আমেরিকার সঙ্গেও চিনের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। প্রথমত বিশ্ব জুড়ে করোনা অতিমহামারীর জন্য চিনকে দায়ী করেছে আমেরিকা। দ্বিতীয়ত দক্ষিণ চিন সাগর ও তাইওয়ান প্রণালীতে টহল দিচ্ছে আমেরিকার যুদ্ধজাহাজ।