দ্য ওয়াল ব্যুরো: মজুরি চাওয়ার শাস্তি ধর্ষণ! ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ, যেখান থেকে লাগাতার ধর্ষণ, হত্যা সহ নারী নির্যাতনের অভিযোগ এসেই চলেছে। যোগী আদিত্যনাথের রাজ্যে লখিমপুর খেরি জেলার ফুলবেহারে মজুরি দাবি করায় তিন বোনকে আটকে রেখে দুজনকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। তিন বোনই শ্রমিক। মজুরির টাকা চেয়েছিল, এটাই তাদের অপরাধ! ৪ জুনের ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্তরা। তবে দিনকয়েক বাদে পাঁচজনই ধরা পড়ে। তাদের জেলে পাঠানো হয়েছে।
তিনটি মেয়ের বয়স ১৮, ২০, ২২। তারা গত ৪ জুন জনৈক মোহন কুমারের খামারে যায়। সেখানে মোহন কুমার ছাড়াও আরও ৪ জন ছিল। তিন বোন বেতন বাবদ টাকা চাইলে ৫ জন তাদের একটি ঘরে আটকে রাখে। পরে ২জনকে যৌন নিগ্রহ করে। মেয়েরা ছাড়া পেয়ে ফুলবেহার থানায় অভিযোগ নথিভুক্ত করে। খেরির এসএসপি বিজয় ধুলকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, মেয়েগুলি আদালতে তাদের বক্তব্য নথিবদ্ধ করেছে, অভিযুক্তদের শনাক্তকরেছে। পারিপার্শ্বিক ও ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহের পর আমরা অভিযুক্তদের জেলে পাঠিয়েছি। মামলার তদন্ত এখনও চলছে। ২ বোনের মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।
পুলিশ ৫ জনকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) (গণধর্ষণ) ও ৫০৬ ( ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারায় অভিযুক্ত করেছে। বেতন নিয়ে বিবাদের জেরেই এমন ঘটনা বলে সন্দেহ করে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে যথেষ্ট তথ্যপ্রমাণ জোগাড়ে সফল হয়।