
সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ঢল
শেষ আপডেট: 15 April 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চিরাচরিত রীতি মেনে বাংলা নববর্ষে ভক্তদের ঢল নামল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সকাল থেকেই সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। পুজোর ডালি হাতে নিয়ে ভক্তরা মন্দিরে আসেন। সন্দেশ, ফুল, মালা, চন্দনে সাজিয়ে দেবীকে পুজো দেন তারা।
সকাল সকাল খোলা হয় দেবীর মন্দির। তারপর হয় প্রাতরাশ। এরপর শুরু হয় পুজো পাঠ। অনেকেই দোকানের হালখাতা নিয়ে আসেন পুজোর জন্য। এখানে পুজো দিয়েই নতুন বছরের যাবতীয় কাজ শুরু করেন বর্ধমানের মানুষ।
রাজ আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরকে ঘিরে অনেক লোককাহিনী আছে। সর্বমঙ্গলাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। বর্ধমানের ডিএন সরকার রোডে ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ এই মন্দির তৈরি করেছিলেন। দেবী সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় হাজার বছরের পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। রীতি মেনে প্রতি বছর নববর্ষের দিন বিশেষ পুজোপাঠ হয় এই মন্দিরে। এবারেও তার অন্যথা হয়নি।
তবে অন্যবারের তুলনায় এবারে ভিড় খানিকটা কম বলে দর্শনার্থীরা জানিয়েছেন। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ জানান, ভক্তদের ভিড় সামলাতে মন্দিরের তিনটি গেট খুলে দেওয়া হয়েছে। রাত পর্যন্ত খোলা থাকবে মন্দির। এবারে আটশো মানুষকে ভোগ বিতরণ করা হবে।