
শেষ আপডেট: 19 December 2023 00:07
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথম পদক্ষেপ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই। তাঁর নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকেই 'জনগণের ভগবান' বলেও আখ্যা দেন। সেই বিচারপতির বিরুদ্ধেই এবার হেনস্থার অভিযোগ উঠল। এক আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দেয় বার অ্যাসোসিয়েশন। শুধু তাই নয় বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণও করা হয়। এই অভিযোগের ভিত্তিতে করা মামলা শুনতে সোমবার রাতেই স্পেশাল কোর্ট বসল।
কী অভিযোগ?
হাইকোর্ট সূত্রে খবর, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ১৭ নম্বর এজলাসে মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি ছিল। অভিযোগ, সেই শুনানির সময় এই মামলা সংক্রান্ত ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময় আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের আচরণ ঠিক ছিল না বলে অভিযোগ। তারপরই নাকি ডেপুটি শেরিফ ডেকে ওই আইনজীবীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
বিষয়টি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন আইনজীবীরা। যদিও প্রধান বিচারপতি এখন কলকাতার বাইরে আছেন, তাই বিষয়টি নিষ্পতির জন্য রাতেই স্পেশাল কোর্ট বসে। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শোনা হয় আইনজীবীদের অভিযোগ।
শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সংশ্লিষ্ট আইনজীবীকে গ্রেফতার করা যাবে না এখনই। তবে আইনজীবী হেনস্থার ঘটনার অভিযোগে কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন বার অ্যাসোসিয়েন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষমা না চান তাহলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে।