
শেষ আপডেট: 27 February 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: দিকে খুনের ঘটনায় দেওর-সহ শাশুড়ি, ননদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। গত বছর গৃহবধূকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। সেই ঘটনাতেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বনগাঁ আদালত।
গত বছরের ২৭ ফেব্রুয়ারি নৃশংস এক খুনের ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার হাটখোলা এলাকায়। কুপিয়ে খুন করা হয় ফুলমালা কীর্তনীয়া নামে এক গৃহবধূকে। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ ওই গৃহবধূর দেওর অমর কির্তনীয়া, শাশুড়ি সারথী কীর্তনীয়া এবং ননদ রাধিকা কির্তনীয়াকে গ্রেফতার করে। তারপর থেকে শুরু হয় খুনের মামলার শুনানি।
মঙ্গলবার সংশ্লিষ্ট মামলাটিতে রায় ঘোষণা হয়। বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ২- এর বিচারক তিন জনের যাবজ্জীবন সাজার নির্দেশ দেন। সরকারপক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানিয়েছেন, মামলাটিতে মোট ২৫ জন সাক্ষী দিয়েছেন। বিচারক সবপক্ষের সাক্ষ্যদান, সওয়াল-জবাব শেষে তিন জনের যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটিতে অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। এদিন আদালতের রায়ের পর স্বাভাবিকভাবেই খুশি মৃতার পরিবার সহ গ্রামবাসীরা। রায় ঘোষণা হতেই সরকার পক্ষের আইনজীবীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় গ্রামবাসীরা। এদিকে আদালতের রায়ের বিরুদ্ধে শীঘ্রই হাইকোর্টে আবেদন জানাতে চলেছে আসামী পক্ষ।