
শেষ আপডেট: 18 November 2023 17:54
দ্য ওয়াল ব্যুরো: ৫ কিলোমিটার রাস্তা খারাপ, এই কারণ দেখিয়ে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চাইল না কোনও অ্যাম্বুলেন্স। উপায়ন্তর না থাকায় খানা খন্দে ভরা ওই পথে খাটিয়ায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু ঘটে রোগীর। এর আগে গত জানুয়ারিতে এমনই অমানবিক ঘটনা দেখা গিয়েছিল জলপাইগুড়িতে। সেই সময় জেলা প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদহের বামনগোলার ঘটনায় শনিবার অন্য প্রতিক্রিয়া শুনিয়েছেন রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এ ব্যাপারে সিদ্দিকুল্লাহর দাবি, “রাস্তা খারাপ নয়, ভাগ্য খারাপ, তাই মৃত্যু হয়েছে!”
রাজ্যের মন্ত্রীর মুখে এমন মন্তব্য শুনে তীব্র নিন্দা ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষের সুরে বলেন, “তৃণমূলের জমানায় মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসেছে। এরপর হয়তো দেখবেন এসএসকেএমে ওঝারা বসবেন!” আরও একধাপ এগিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “লুঠ, দুর্নীতির কিসসা ধামাচাপা দিতেই ভাগ্যের ঘাড়ে দোষারোপ করার কৌশল।”
মন্ত্রী সিদ্দিকুল্লাহর এমন মন্তব্যকে যে তৃণমূলও সমর্থন করছে না, তা স্পষ্ট করে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “ওই মহিলা কতদিন ধরে অসুস্থ ছিলেন সে সব না জেনে এভাবে মৃত্যুর কারণ বলা ঠিক নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী এভাবে মন্তব্য না করলেই ভাল করতেন।”
যদিও নিজের মন্তব্যে অনড় মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলেন, “রাজ্যের সর্বত্র উন্নয়ন হয়েছে। কোনও একটা ঘটনার জন্য ৯৯টা ঘটনাকে খারাপ বলব কেন?”
স্থানীয় সূত্রের খবর, মালদহের বামনগোলার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা থেকে আইগনতারা, দীর্ঘ ৫ কিমি রাস্তা অত্যন্ত বেহাল। ওই পথে যেতে চান না কোনও অ্যাম্বুলেন্স চালক। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অতীতে চারবার রাস্তা অবরোধও করেছেন গ্রামবাসীরা। কিন্তু রাস্তার হাল ফেরেনি।
জানা গিয়েছে, এলাকার ২৪ বছরের গৃহবধূ মামণি রায় গত বুধবার থেকে জ্বরে আক্রান্ত হন। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে যান পরিজনেরা। কিন্তু রাস্তা খারাপের কারণ দেখিয়ে কোনও অ্যাম্বুলেন্স চালক হাসপাতালে যেতে চাননি।
ফলে খাটিয়ায় রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। শুক্রবারের ওই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বামনগোলায় মালদহের জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। গোটা ঘটনাট প্রশ্নের মুখে প্রশাসনও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস দেন বিডিও। তবে দ্রুত রাস্তা সংস্কার না হলে ফের অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। তারই মাঝে রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্যের জেরে ক্ষোভ ছড়িয়েছে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দাদের মধ্যেও।