দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার হায়দরাবাদে ৭৪ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। মৃত্যুর পরে তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। শনিবার তাঁর দেহ সমাহিত করা হয়েছে। কিন্তু সেখানে তাঁর পরিবারের কেউ উপস্থিত হননি। স্বাস্থ্যকর্মীরাই তাঁর শেষকৃত্য করেন। পরিবারের সকলে তখন কোয়ারান্টাইনে ছিলেন।
দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করার সময় স্পষ্ট বলা হয়েছিল, কারও শেষকৃত্যে ২০ জনের বেশি উপস্থিত হতে পারবেন না। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, ওই ব্যক্তির মৃত্যুর পরেই জানা যায়, তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন। অবশ্য তাঁর শরীরে অন্য রোগও ছিল।
পরে মুখ্যমন্ত্রী জানান, তেলঙ্গানায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৭০-এর কাছাকাছি। গত রবিবার তিনজনের শরীরে ওই রোগ পাওয়া গিয়েছে। ভিন রাজ্য থেকে যে শ্রমিকরা তেলঙ্গানায় কাজ করতে এসেছেন, তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, লকডাউনের সময় কোথাও যাবেন না। রাজ্য সরকার আপনাদের আশ্রয়ের জন্য মাথা পিছু ৫০০ টাকা করে দেবে। সেই সঙ্গে দেবে ১২ কেজি করে গম।
গত কয়েকদিন ধরেই লকডাউনে দেশের নানা প্রান্তে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের দুর্ভোগের কথা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সরব হয়েছেন মহামারী রোধে সরকারের আর্থিক প্যাকেজ নিয়ে। তিনি সোমবার টুইট করে বলেন, অর্থমন্ত্রী যে আর্থিক সহায়তা দান প্যাকেজ ঘোষণা করেছে, তা প্রয়োজনের তুলনায় এতই কম যে, অনেকে নিজেদের গ্রামে ফিরতে বাধ্য হচ্ছেন।
ভারতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১১৭৩। মৃত্যু হয়েছে ২৯ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখানে মৃতের সংখ্যা ৭। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখেও সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্রই। মোট আক্রান্তের সংখ্যা ২১৫। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। এরপরেই রয়েছে কেরল। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০২।
আজ সকালেই মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গ এবং গুজরাতে। পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ৪৪ বছরের এক মহিলার। গুজরাতেও মৃত্যু হয়েছে ৪৫ বছরের এক মহিলার।
সারা বিশ্বে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩, ৯৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,২৩,৩০৪। মৃতের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে ইতালি। এখানে মোট মৃতের সংখ্যা ১০,৭৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯৭,৬৮৯। অন্যদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে সব দেশকে ছাপিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে মোট আক্রান্তের সংখ্যা ১,৪২,৭৩৫। মৃত্যু হয়েছে ২৪৮৮ জনের।