
শেষ আপডেট: 11 January 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: মাথার ওপর ঝুলছে খুনের চেষ্টার মামলার গ্রেফতারি পরোয়ানা। উচ্চ আদালতে গিয়েও মেলেনি রক্ষাকবচ। ফলে গ্রেফতারির আশঙ্কা ক্রমেই বাড়ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।
সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন নিশীথ। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁর আর্জির শুনানি হবে।
আদালত সূত্রের খবর, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগে জানানো হয়, নিশীথ প্রামাণিকের নির্দেশেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। এ ব্যাপারে নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
এরপরই রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ তাঁর রক্ষা কবচের আবেদন খারিজ করে দেয়।
ফলে অমিত শাহের ডেপুটিকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানি হবে ২২ জানুয়ারি। তার আগে চাইলে পুলিশ নিশীথকে গ্রেফতার করতে পারে বলেও জানিয়েছে আদালত।