দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং। তাতে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। এদিনই 'নর্মদা কি পথিক' নামে একটি বই প্রকাশ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেই উপলক্ষে অমিত শাহের প্রশংসা করে দিগ্বিজয় বলেন, ২০১৭ সালের ভোটের সময় তিনি অনেক সাহায্য করেছিলেন।
দিগ্বিজয়ের কথায়, "২০১৭ সালের ভোটের সময় আমি গুজরাত থেকে মহারাষ্ট্রে যাচ্ছিলাম। রাত সাড়ে ১০ টা নাগাদ আমি গভীর জঙ্গলে পথ খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় এক ফরেস্ট অফিসার আমাকে সাহায্য করেন। তিনি বলেন, অমিত শাহ তাঁকে নির্দেশ দিয়েছেন আমাকে যেন সবরকম সাহায্য করা হয়।"
পরে বর্ষীয়ান নেতা বলেন, "সেদিন আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তখন নির্বাচনের প্রচার চলছে। আমি ছিলাম অমিত শাহের কঠোরতম সমালোচক। তা সত্ত্বেও অমিত শাহ আমাকে সাহায্য করেছিলেন। তিনি আমাদের শুধু জঙ্গল থেকে বেরোতে সাহায্য করেননি, আমাদের জন্য খাদ্য ও আশ্রয়েরও ব্যবস্থা করেন।"
একইসঙ্গে আরএসএস কর্মীদের প্রশংসা করেন দিগ্বিজয়। তিনি বলেন, "আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবচেয়ে বড় সমালোচকদের অন্যতম। তাদের সঙ্গে আমার মতাদর্শগত বিরোধ আছে। কিন্তু ভোটের প্রচারের সময় প্রায়ই আরএসএস কর্মীরা আমার সঙ্গে দেখা করতে চাইতেন। আমি তাঁদের প্রশ্ন করতাম, কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে এসেছেন কেন? তাঁরা বলতেন, আমার সঙ্গে দেখা করার জন্য সংগঠন তাঁদের নির্দেশ দিয়েছে।"
দিগ্বিজয় বলেন, অমিত শাহ যখন তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করেছিলেন, তখনও পর্যন্ত তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচয় ছিল না। কিন্তু ওই ঘটনার পরে তিনি অমিত শাহকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ দিগ্বিজয়ের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু অপর কংগ্রেস নেতা বিবেক তনখা বলেন, দিগ্বিজয় যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সঙ্গে কখনও অমিত শাহের দেখা হয়নি।
সম্প্রতি কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা হাইকম্যান্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম টুইট করে বলেছেন, আমাদের দলীয় মঞ্চে কোনও কিছু নিয়ে আলোচনা করা যায় না। এতে আমি হতাশ। অপর প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারিও পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।