দ্য ওয়াল ব্যুরো: লখনৌয়ের পশ এলাকায় মুখ্যমন্ত্রীর বাংলো ছেড়ে যাওয়ার আগে নাকি বাথরুম, রান্নাঘর আর জিমের নানা যন্ত্রপাতি খুলে নিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এই বিতর্কের জেরে আজ হাতে দুটি কল নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি। রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানালেন, যদি প্রমাণিত হয় আমি বাথরুম থেকে কল খুলে নিয়ে গিয়েছি, এই দুটো নিজে গিয়ে বাথরুমে লাগিয়ে দিয়ে আসব।
সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগেই কড়া নির্দেশ দিয়েছিল, উত্তরপ্রদেশের যে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা এখনও সরকারি বাংলো আটকে রেখেছেন তাঁদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। তার পরেও নানা ওজর-আপত্তি তুলে অখিলেশ কিছুদিন বাংলো আটকে রাখেন। শেষ পর্যন্ত গত সপ্তাহে ছেড়ে দেন। তার পরে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপে দেখা যায়, বাংলোর বাথরুমের কল, রান্নাঘরের মেঝের টাইলস, ও জিমের নানা সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে হইচই শুরু হতে রাজ্যপাল রাম নায়েক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
অখিলেশ অবশ্য জিমের সরঞ্জাম খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ওগুলো আমি লাগিয়েছিলাম। নতুন বাড়িতেও জিমে লাগাব বলে খুলে নিয়ে গিয়েছি।
তাঁর দাবি, বিজেপি সবকটি উপনির্বাচনে হেরে আমার বিরুদ্ধে কুৎসা করছে।
রাজ্যপাল সম্পর্কে বলেন, তিনি খারাপ লোক নন। কিন্তু মাঝে মাঝে আরএসএসের মতো আচরণ করেন।
এই সুযোগে অখিলেশের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ অমর সিং। অখিলেশই তাঁকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করেন। তিনি বলেছেন, অখিলেশের মন খুব ছোট। কেন বাংলোর ক্ষতি করেছেন তার ব্যাখ্যা দিতে হবে তাঁকে।