
শেষ আপডেট: 18 December 2023 20:37
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বহু বছর আগে তৈরি বিপজ্জনক অবস্থায় পড়ে থাকা সমস্ত জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া তাঁরা শেষ করবেন।
তিনি জানিয়েছেন, ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার আগে সবকটির ধারণ ক্ষমতা যাচাই করে দেখা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলোর সংস্কার করা হবে। সেকাজেও হাত দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুধু বর্ধমান স্টেশনই নয়, ডিভিশনের বাকি রেল ও প্ল্যাটফর্মগুলিতেও এই সংস্কারের কাজ চলবে। প্লাটফর্মেই বেশ কিছু ট্যাঙ্ক রয়েছে, যা ব্রিটিশ আমলে তৈরি। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৩টি, আসানসোল ডিভিশনে ৮টি, মালদহ ডিভিশনে ১টি ট্যাঙ্ক রয়েছে। সেগুলির সব কটিকেই নষ্ট করে ফেলা হবে।
শুধু প্ল্যাটফর্মেই উপর অবস্থিত ট্যাঙ্ক নয়, বিভিন্ন স্টেশন চত্বরেও রয়েছে প্রায় ৪৮টি জলাধার। সেগুলির সব কটিকেই নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ৭ টি, আসানসোল ডিভিশনের ২৩টি, হাওড়া ডিভিশনে ১৪ টি এবং মালদা ডিভিশনে ৪ টি ট্যাঙ্ক রয়েছে এই তালিকায়।
হেরিটেজ স্টেশনের তকমা পাওয়া বর্ধমান স্টেশনে গত বুধবার ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা জল ভর্তি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরে রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এখনও বর্ধমান মেডিক্যাল কলেজে কয়েকজন ভর্তি রয়েছেন।
জানা গিয়েছে ১৮৯০ সালে তৈরি হওয়া ওই জলের ট্যাঙ্কটিতে ৫৩ হাজার ৮০০ গ্যালন জল ধরত। সেটির সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছিল বলেই অভিযোগ ওঠে রেলের বিরুদ্ধে। এই ভয়াবহ দুর্ঘটনা রেলকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তাই তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল রেল।