.webp)
শেষ আপডেট: 18 February 2024 10:51
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ন্যাজাট থানা এলাকা থেকে শেখ শাহজাহান-ঘনিষ্ঠ 'পলাতক' তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতর বিরুদ্ধে সন্দেশখালিকাণ্ডে সদ্য গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। রবিবার দুপুরে ধৃতকে তোলা হবে আদালতে।
গ্রেফতারের পর শনিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় বসিরহাট থানায়। স্থানীয়দের অভিযোগ, তার পর থেকেই থানার ছবিটা বদলে গেছে। প্রধান গেট ভেতর থেকে তালা বন্ধ। সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। অনেক প্রশ্নের জবাব দেওয়ার পরই মিলছে প্রবেশাধিকার। পুলিশের অবশ্য দাবি, নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা।
কয়েকদিন আগে সন্দেশখালি কাণ্ডে সিপিএমের স্থানীয় বিধায়ক নিরাপদ সর্দার ও বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। স্থানীয়দের বক্তব্য, তখন কিন্তু নিরাপত্তার এত কড়াকড়ি দেখা যায়নি।
বাসিন্দাদের অভিযোগ, রবিবার সকাল থেকে থানা চত্বরে পুলিশি নিরাপত্তা এতটাই কড়াকড়ি যেন মাছিও গলতে পারবে না। এদিকে রবিবার ছুটির দিনে বহু মানুষ থানায় আসেন নানান কাজে। তাঁদের বক্তব্য, রবিবার সকাল থেকে থানায় সাধারণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন কাজে থানায় এসেও খালি হাতে ফিরতে হচ্ছে।
পুলিশের এই কড়াকড়ি নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা। স্থানীয়দের বক্তব্য, "একজন অভিযুক্তর নিরাপত্তা দিতে গিয়ে কেন সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হবে?" এ ব্যাপারে জেলা পুলিশের পদস্থকর্তাদের অবশ্য প্রতিক্রিয়া জানা যায়নি।
গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালিতে। রাতবিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা।
শনিবার বিকেলে এব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই ন্যাজাট থেকে তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ।