সিএএ বিক্ষোভে ধৃত সাদাফ জাফরকে জামিন দিল লখনউয়ের আদালত
দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় সুর চড়িয়েছিলেন তিনি। ফেসবুক লাইভে দাঙ্গার ছবিও সামনে এনেছিলেন। এরপরেই গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষিকা, অভিনেত্রী তথা উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র সাদাফ জাফরকে। শনিবার লখউয়ের একট
শেষ আপডেট: 3 January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় সুর চড়িয়েছিলেন তিনি। ফেসবুক লাইভে দাঙ্গার ছবিও সামনে এনেছিলেন। এরপরেই গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষিকা, অভিনেত্রী তথা উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র সাদাফ জাফরকে। শনিবার লখউয়ের একটি নিম্ন আদালতে জামিন মঞ্জুর হয়েছে সাদাফের। সেই সঙ্গেই জামিন মঞ্জুর হয়েছে সিএএ বিক্ষোভে সামিল থাকা প্রাক্তন আইপিএস অফিসার এসআর দারাপুরী-সহ আরও ১০ জনের।
১৯ ডিসেম্বর লখনউয়ে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন সাদাফ। প্রশাসনের দাবি, সেই বিক্ষোভে ভিড়ের মধ্যে থেকে অসংখ্য বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছিল। সেই দাঙ্গার ফেসবুক লাইভ করছিলেন সাদাফ। তাতে পুলিশ কর্মীদের উদ্দেশে করে সাদাফকে বলতে শোনা যায়, বিক্ষোভকারীদের হিংসা থামানোর কোনও চেষ্টা কেন করছে না পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে। গ্রেফতারির পরে তাঁকে মারধরের অভিযোগও ওঠে যোগী পুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল পুলিশ।
সাদাফের গ্রেফতারির পরেই নানা মহল থেকে আওয়াজ ওঠে। সরব হন চিত্র পরিচালক মীরা নায়ার। সাদাফ জাফর ও দারাপুরীর মুক্তির দাবিতে সরব হন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই লখনউয়ের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন প্রিয়াঙ্কা।

সাদাফ জাফরের আইনজীবী হরজোত সিংয়ের কথায়, “ইচ্ছাকৃতভাবেই গ্রেফতার করা হয়েছিল আমার মক্কেলকে। যারা সেদিন পুলিশের দিকে পাথর ছুড়ছিল তাদের কিছু বলা হয়নি। উল্টে প্রতিবাদ করায় গ্রেফতার হতে হয় সাদাফ জাফরকে।”এর আগেও সাদাফের জামিনের জন্য আবেদন করা হলে তা খারিজ করে দেয় লখনউয়ের একটি নিম্ন আদালত।
সরকারপক্ষের আইনজীবী দীপক যাদব বলেছেন, হিংসায় মদত দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল সাদাফ জাফরের বিরুদ্ধে। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। সাদাফের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর কোনও প্রমাণই নেই। বিনা কারণে এতদিন আটকে রাখা হয়েছিল তাঁকে।