দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে ঢুকে তল্লাশি অভিযান চালিয়ে ৫ মাওবাদীকে খতম করলো সেনা। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের সিংভুমের একটি জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালায় কোবরা ব্যাটালিয়ান ও ঝাড়খণ্ড পুলিশ। যৌথ বাহিনীর উপর গুলি চালায় মাওবাদীরা। বাহিনীর পাল্টা গুলিতে খতম হয় ৫ মাওবাদী, আহত ১। আহত মাওবাদীকে জেরা করছে পুলিশ।
কেন্দ্রীয় বাহিনীর ২০৯ কোবরা ব্যাটালিয়ান ও ঝাড়খণ্ড পুলিশ মঙ্গলবার ভোর থেকে এলাকায় তল্লাশি অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে গোটা জঙ্গল এলাকা ঘিরে ফেলা হয়। মাওবাদীদের গোপন ডেরায় সেনারা হানা দেয় বলে খবর। জানা যাচ্ছে, এখনও জঙ্গলের ভিতর লুকিয়ে অন্তত ১৫০-২০০ জন মাওবাদী।
মাওবাদীদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এখনও পর্যন্ত ২টি একে-৪৭,একটি ৩০৩ রাইফেল, দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাহিনীর কাছে খবর, জঙ্গলের ভিতরে মাওবাদীদের আরও ডেরা রয়েছে। এখনও চলছে গুলির লড়াই, জারি তল্লাশি অভিযান।
সিংভূমের যে এলাকায় গুলির লড়াই চলছে, সেখান থেকে গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গলের কাছাকাছি এই গ্রামে মাওবাদীদের প্রাধান্য রয়েছে। পুলিশি অভিযানের মুখে এই গ্রামেই আশ্রয় নেয় মাওবাদীরা। সেই সম্ভাবনার আগেই গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-national-former-union-minister-george-fernandes-passed-away/