
শেষ আপডেট: 8 January 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করলেন কমিশনারেটের গোয়েন্দারা।
বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে।
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ডা: কুলদীপ এসএস বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার অপরাধ আটকাতে একটি পোর্টাল প্রকাশ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে এই কমিশনারেটের বাসিন্দারা ঘরে বসেই পুলিশের কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। ফলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের কাছে পৌঁছনোর চেষ্টা করবে। সাইবার জালিয়াতি ধরতে এখন পুলিশ এআই ও চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছে।”
তিনি জানান, সাইবার অপরাধের তদন্তের জন্য পুলিশ কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে আরও এক দফায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি থানায় প্রশিক্ষণ শিবিরের করা হবে। যাতে পুলিশ অফিসাররা সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই করতে পারেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এডিপিসি এলাকায় বিভিন্নজনের অভিযোগের ভিত্তিতে ২ কোটি ৫৮ লক্ষ ৩৪ হাজার ৫৩ টাকা উদ্ধার হয়েছে। যার মধ্যে ২০২৩ সালের জানুয়ারি মাসে ৬ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সেখানে ২০২২ সালের জানুয়ারিতে ২ লক্ষ ৩২ হাজার ৪৩৮ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছিল। রানিগঞ্জ থানার পুলিশ ২১ লক্ষ ৩৫ হাজার ৭৬৯ টাকা ও কুলটি থানা ১৫ লক্ষ ৮ হাজার ৩১৫ টাকা উদ্ধারে সফল হয়েছে।
সাইবার অপরাধের মোকাবিলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৭ টি থানায় সাইবার অপরাধের অভিযোগ নিতে হেল্প ডেস্কও করা হয়েছে। যেখানে লোকজন খুব সহজেই সাইবার অপরাধ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। ডিসিপি (সেন্ট্রাল) আশ্বস্ত করে বলেন, “যাঁরা সাইবার অপরাধীদের দ্বারা প্রতারিত হয়েছেন, তাঁদের যাতে কোনও হয়রানির শিকার হতে না হয়, তারজন্য সবরকমের পদক্ষেপ করা হচ্ছে।”