
শেষ আপডেট: 13 September 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক মাসও বাকি নেই পুজোর। বাঁশের কাঠামো তৈরি হয়ে গেছে পাড়ায়। এমন অবস্থায় অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি। এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক পুজো কমিটিও আরজি কর কাণ্ডের মৃত ডাক্তারির পড়ুয়ার বিচার চেয়ে এমন সিদ্ধান্ত নিল। এর আগেও একই ইস্যুতে রাজ্যের বেশ কয়েকটি কমিটি সরকারি পুজোর অনুদান ফিরিয়েছে। কিন্তু পুজোর মুখে এভাবে অনুদান ফেরানোর নজির নেই।
দোগাছিয়া বাবা পঞ্চানন দুর্গোৎসব কমিটির ১২ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। চার বছর ধরে তাঁরা সরকারি অনুদান পাচ্ছেন। তিন বছর অনুদানের টাকা দিয়ে পুজোর আয়োজন করেছেন তাঁরা। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে চতুর্থ বছরের অনুদান তাঁরা প্রত্যাখান করলেন। কমিটির এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। মহিলারা সমর্থন তাতে সবচেয়ে বেশি।
এলাকার বাসিন্দা অশোকা ঘোষ। তিনিও কমিটির সিদ্ধান্ত সহমত পোষণ করেছেন। অশোকা বলেন, "পুজো না হলেও তাও স্বীকার, কিন্তু অভয়ার বিচার চাই। বিচার যতদিন না হবে অনুদান নিয়ে পুজো করব না আমরা। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
পুজো কমিটির সম্পাদক শ্রীনাথ ঘোষ বলেন, "অনুদান ফেরানোর সিদ্ধান্তে সকলে মত দিয়েছেন। এর আগে চাঁদা তুলে খুবই সাদামাটাভাবে পুজো হবে। আরজি করের নির্যাতিতার জন্য আমরা শুধুই বিচার চাই। অনুদান ফেরানোর কথা স্থানীয় থানাকে আমরা জানিয়েছি। এই ভাবে আমরা পুজো করতে চাই না।"