"যে ড্রেস পরেছেন সেটা বেমানান", বিজেপি'র অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য মৌসুমীর
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-তে যোগ দিয়েছেন এখনও একমাস হয়নি। এর মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি দলীয় অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক প্রসঙ্গে আপত্তিজনক মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন মৌসুমী।
জানা গিয়েছে, গুজরাত
শেষ আপডেট: 22 January 2019 20:45
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-তে যোগ দিয়েছেন এখনও একমাস হয়নি। এর মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি দলীয় অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক প্রসঙ্গে আপত্তিজনক মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন মৌসুমী।
জানা গিয়েছে, গুজরাতের সুরাটে একটি পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালিকার পোশাক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সঞ্চালিকার পরনে ছিল শার্ট ও স্কিন টাইট প্যান্ট। আর সেটাই পছন্দ হয়নি মৌসুমীর। সবার সামনে প্রকাশ্যে তিনি ওই সঞ্চালিকাকে জিজ্ঞাসা করেন, "এখানে এরকম পোশাক পরে কেন এসেছেন?" অভিনেত্রীর এ হেন প্রশ্নে হতবাক হয়ে যান সঞ্চালিকা। অপ্রস্তুত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত বাকিরাও।
তবে এখানেই থামনেনি অভিনেত্রী। তিনি আরও বলেন, "আপনি যে পোশাক পরে এখানে এসেছেন, সেই পোশাক এই অনুষ্ঠানের জন্য যথাযথ নয়। আপনার উচিত ছিল শাড়ি বা সালোয়ার পরে আসা।" নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে মৌসুমী বলেন, "আমি ওর থেকে বয়সে অনেকটাই বড়। তাই গুরুজন হিসেবে একটা উপদেশ দিয়েছি মাত্র। আমার মেয়ে হলে তাকেও আমি এ ধরণের পোশাক পরে এরকম অনুষ্ঠানে যেতে অনুমতি দিতাম না।"
এ দিনের অনুষ্ঠান শুরুর পর উপস্থিত সকলের সঙ্গে মৌসুমীর আলাপ-পরিচয় করিয়ে দেন এই সঞ্চালিকা। এরপর অভিনেত্রী কিছু বলতে অনুরোধ করা হলে মাইক হাতে সঞ্চালিকার উদ্দেশে এ হেন তির্যক মন্তব্য ছুড়ে দেন অভিনেত্রী। জানা যায়, মৌসুমীর কথা শোনার পরেই শোয়ের সঞ্চালনা বন্ধ করেন দেন ওই সঞ্চালিকা। বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর এ হেন মন্তব্যে সমালচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই নিয়ে মৌসুমীকে প্রশ্ন করলে বেজায় চটে যান অভিনেত্রী।
চলতি বছরের শুরুতেই ২ জানুয়ারি
দিল্লিতে বঙ্গ বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত ধরে বিজেপি-তে যোগ দেন ‘ওগো বধূ সুন্দরী’র নায়িকা। এর আগে ২০০৪-সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৌসুমী। কিন্তু সে বার হারতে হয়েছিল সিপিএমের সুধাংশু শীলের কাছে। সে বার ভোটে পরাজিত হওয়ার পর আর সে ভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূকে। তবে নতুন বছর শুরু কয়েক দিন আগেই মুকুল রায় মুম্বইতে দেখা করেছিলেন মৌসুমীদেবীর সঙ্গে। তারপর থেকেই তাঁর বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। আর উনিশের লোকসভা ভোটের কয়েক মাস আগেই গেরুয়াশিবিরে যোগ দেন মৌসুমী চট্টোপাধ্যায়।