দ্য ওয়াল ব্যুরো : ১১ বছর আগে দুটি বিস্ফোরণে হায়দরাবাদে নিহত হয়েছিলেন ৪২ জন। মঙ্গলবার সেই মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি কোর্ট। তাদের শাস্তি ঘোষণা করা হবে সোমবার। মামলায় অভিযুক্ত অপর দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের নাম আনিক শফিক সাইদ ও ইসমাইল চৌধুরী।
২০০৭ সালের ২৫ অগাস্ট সন্ধ্যা পৌনে আটটা নাগাদ শহরের কোটি অঞ্চলে গোকুল ঘাট নামে এক হোটেলে ও লুম্বিনী পার্কের লেসার শো অডিটোরিয়ামে দুটি বিস্ফোরণ ঘটে। গোকুল চাটে ৩২ জন মারা যান। ১০ জন মারা যান লুম্বিনী পার্কে। আহত হন ৫০ জনের বেশি। সেই রাতে দিলখুশানগর থেকে একটি না ফাটা বোমা উদ্ধার হয়। অভিযুক্তরা ইন্ডিয়ান মুজাহিদিন নামে এক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ২০০৮ সালের অক্টোবরে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড তাদের পাকড়াও করে।