দ্য ওয়াল ব্যুরো : ঝাড়খণ্ড হাইকোর্ট আগেই বলেছিল, জামিনের মেয়াদ বাড়ানো যাবে না। পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী লালুপ্রসাদ যাদবকে ৩০ অগাস্টের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। সেইমতো বৃহস্পতিবার সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লালু।
পশুখাদ্য কেলেঙ্কারির কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে গত ডিসেম্বরে লালুকে জেলে পাঠানো হয়। তারপর দীর্ঘ সময় ধরে তিনি হাসপাতালে থেকেছেন। নানারকম অসুস্থতার জন্য তাঁকে রাঁচিতে আরআইএমএস ও দিল্লিতে এইমসে ভর্তি থাকতে হয়েছে। সব শেষে তিনি তিন সপ্তাহ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন। ২৫ অগাস্ট সেখান থেকে ছাড়া পান।
তাঁর কৌঁসুলি আবেদন করেছিলেন, লালুর জামিনের মেয়াদ বাড়ানো হোক। তিনি নানা রোগে ভুগছেন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। কিন্তু বিচারপতি বলেন, এখন লালু যেমন অসুস্থ, জেল হাসপাতালেই তাঁর চিকিৎসা হতে পারবে। বুধবার লালু পাটনা থেকে রাঁচিতে পৌঁছান। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ আত্মসমর্পণ করেন।