শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গাজা', রাতেই আছড়ে পড়তে পারে তামিলনাড়ু উপকূলে, জারি সতর্কতা
দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে ফুঁসছিল। এ বার সরাসরি আছড়ে পড়বে দক্ষিণ তামিলনাড়ু উপকূলে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড় 'গাজা' হামলা করতে পারে তামিলনাড়ু উপকূল এবং পুদুচেরিতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়া বাতাসের সঙ্গ দেবে তুমুল বৃষ্টি। আগ
শেষ আপডেট: 14 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে ফুঁসছিল। এ বার সরাসরি আছড়ে পড়বে দক্ষিণ তামিলনাড়ু উপকূলে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড় 'গাজা' হামলা করতে পারে তামিলনাড়ু উপকূল এবং পুদুচেরিতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়া বাতাসের সঙ্গ দেবে তুমুল বৃষ্টি। আগে থেকেই তাই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে রেড অ্যালার্ট। রাজ্যের পাঁচ জেলায় বন্ধ স্কুল-কলেজ। বিপর্যয় রুখতে আগে থেকেই প্রস্তুত নৌবাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলক্ষতিগ্রস্ত হতে পারে পুদুচেরিও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের দাপট বেশি দেখা যেতে পারে উপকূলবর্তী নাগাপাট্টিনাম, থাঞ্জাভুর, পুদুক্কোত্তাই এবং রামানাথপুরম জেলায়। ক্ষতিগ্রস্ত হতে পারে পুদুচেরিও। বৃস্পতিবার সকাল থেকেই পুদুচেরি-সহ রাজ্যের নানা জায়গায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায়, পাম্বান ও কুড্ডালোর উপকূলে ধাক্কা খেয়ে শক্তি হারাতে পারে 'গাজা'।
মাস দেড়েক আগে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের একাংশে ঘূর্ণিঝড় ‘তিতলি’ আছড়ে পড়েছিল। সেই সময়ে সব থেকে বেশি প্রভাব পড়েছিল ওড়িশার গোপালপুরে।এ বার তামিলনাড়ুর দিকেই অভিমুখ রয়েছে গাজা-র। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাপাট্টিনাম থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়, চেন্নাই থেকে ছিল ৪১০ কিলোমিটার দূরত্বে। ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সে।
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের নানা জায়গায় সক্রিয় হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দশটি দল। অন্তত ৬,০০০ ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। পুদুচেরির পাশাপাশি কেরল এবং আন্দামান-নিকোবরেও জারি হয়েছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে শুরু হবে ঝোড়ো হাওয়ার দাপট। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
তবে, ঘূর্ণিঝড় 'গাজা'র প্রভাব পশ্চিমবঙ্গে তেমন পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আকাশ কিঞ্চিৎ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে তাপমাত্রা খুব একটা নামবে না। আবার খুব গরমও হবে না।