
শেষ আপডেট: 26 March 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের দিকে যাওয়ার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাষের জমিতে ঢুকে পড়ে। সেই সময় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন গ্রামবাসী। নিয়ন্ত্রণহীন গাড়িটি তাঁদের ধাক্কা মারে এবং একজনকে গাড়ির চাকায় পিষে দেয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। দুর্ঘটনার পরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বড়িয়া এলাকায়।
ঘাতক গাড়িটিকে ঘিরে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। গাড়িটির উপর ভাঙচুর চালানো হয়। ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। গ্রামবাসীরা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ ও ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশাল বাহিনী। তারা স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, লোধাশুলি থেকে এক দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে ঝাড়গ্রাম ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁদের ড্রাইভার। বড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে চাষের জমিতে নেমে যায়। সেখানে তখন কয়েকজন মহিলা ও পুরুষ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তাঁদের ধাক্কা দেয় গাড়িটি। একজনকে চাকার তলায় পিষে দিয়ে বেশ কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায়। এলাকায় টহলরত পুলিশ দুর্ঘটনাটি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় । বাকিদের এখনও চিকিৎসা চলছে।