মহাকাশ নিয়ে কৌতূহল থেকে জন্ম নিল এক মিষ্টি আবদার। প্লুটোকে আবার গ্রহ করার দাবি জানিয়ে ১০ বছরের এক খুদের চিঠি এবার মন ছুঁয়ে গেল বহু মানুষের, এমনকি মহাকাশ সংস্থারও।

ছবি: এআই
শেষ আপডেট: 11 April 2026 14:57
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশ নিয়ে কৌতূহলের শেষ নেই ১০ বছরের খুদে কায়লার। তার প্রিয় ‘প্লুটো’ কেন এখন আর গ্রহ নয়, সেই মন খারাপ থেকেই সরাসরি নাসাকে চিঠি লিখে বসল সে। চিঠিতে শুধু আবদারই নয়, প্লুটোকে (Pluto) কেন গ্রহের মর্যাদা দেওয়া উচিত, তার সপক্ষে কায়লার দেওয়া যুক্তি দেখে তাজ্জব বনে গেছেন বড় বড় বিজ্ঞানীরাও। আর সবথেকে অবাক করা বিষয় হল, খুদে এই বিজ্ঞান-প্রেমীর চিঠির গুরুত্ব বুঝে নাসা (NASA) যখন পাল্টা জবাব দিল, তখন সেই উত্তর মুহূর্তেই ভাইরাল হয়ে গেল নেটদুনিয়ায়।
১০ বছর বয়সী কায়লা সরাসরি নাসার কাছে আবেদন জানিয়েছে যেন প্লুটোকে আবার একটি পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চিঠিতে কায়লা যুক্তি দিয়েছে যে, প্লুটো আমাদের সৌরজগতেরই একটি অবিচ্ছেদ্য অংশ এবং আগে এটি গ্রহ হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে একে 'বামন গ্রহ' (Dwarf Planet) বলা হলেও কায়লার মতে, এটি তার 'আসল গ্রহ' পরিচয় পাওয়ার দাবিদার। সে আরও জানিয়েছে, প্লুটোকে পুনরায় গ্রহের মর্যাদা দিলে সে এবং তার বন্ধুরা অত্যন্ত খুশি হবে।
Dear @NASA. From 10 year old Kaela. She is mailing to you today. Too cute not to post. She and her family are friends of ours. #bringplutoback pic.twitter.com/goPIb55iQG
— Mike's Weather Page (@tropicalupdate) April 9, 2026
কায়লা কেবল আবেগের বশেই এই চিঠি লেখেনি, তার দাবির সপক্ষে চমৎকার কিছু তথ্যও তুলে ধরেছে। চিঠিতে সে উল্লেখ করেছে। প্লুটো 'কুইপার বেল্টে' (Kuiper Belt) অবস্থিত। ১৯৩০ সালে ক্লাইড টমবাঘ (Clyde Tombaugh) এটি আবিষ্কার করেন। এটি পৃথিবীর চাঁদের চেয়ে আকারে ছোট হলেও এর পাঁচটি নিজস্ব উপগ্রহ রয়েছে।

চিঠিটির শেষে কায়লা তার হাতের লেখা বা বানানে কোনও ভুল থাকলে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। তার এই বিনয় এবং আন্তরিকতা চিঠিটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে।
সবচেয়ে বড় চমকটি এসেছে নাসার পক্ষ থেকে। সাধারণ কোনও উত্তরের বদলে মহাকাশ গবেষণা সংস্থাটি কায়লার চিঠিতে গুরুত্ব দিয়ে সাড়া দিয়েছে। নাসা লিখেছে, "কায়লা, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।" নাসার এই ছোট্ট কিন্তু অর্থবহ উত্তর এখন নেটিজেনদের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।