দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে চ্যাম্পিয়নের এক ধাপ দূর থেকে ফিরেছিলেন ২০০৩ সালে জোহানেসবার্গে। সেবার বিশ্বকাপে (World Cup) রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় সৌরভের দলকে। তিনি জানেন চ্যাম্পিয়ন দল হতে গেলে কী দরকার, সেই কারণেই বিরাট কোহলিদের সতর্ক করে দিলেন বোর্ড প্রেসিডেন্ট।
ভারতীয় দল টোয়েন্টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। বেশিদিন আর বাকি নেই, সেই জন্যই সৌরভ পুরো ভারতীয় দলকে সতর্ক করে দিয়েছেন।
সৌরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। একটা প্রতিযোগিতা খেলতে নামলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে গেলে পরিণত হতে হয়। ভারতীয় দলে প্রতিভা রয়েছে। আন্তর্জাতিক স্তরে রান করা এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে সকলের। মানসিকভাবে কাপ জয়ের পরিস্থিতি তৈরি করতে হবে।’’
ভারতের প্রাক্তন অন্যতম সেরা দলনায়ক আরও জানিয়েছেন, ‘‘ফাইনাল জিতেই সেরা হতে হয়, প্রচুর ক্রিকেট খেলতে হবে। শুরুতেই কাপ জয়ের কথা ভাবলে চলবে না, ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছতে হয়।’’
সৌরভ এও মানছেন ভারতীয় দল নিজেরাই নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাই বলে রেখেছেন, বিশ্বাস করতে হবে যে আমরা বিশ্বকাপ জিততে পারব। গুরুত্বপূর্ণ হচ্ছে, পরের বলটা ঠিক করে খেলা এবং সেই ছন্দ ফাইনাল পর্যন্ত ধরে রাখতে হবে।’’
এর আগে সৌরভ বারবার বলেছেন, সেই দলই ভাল দল, যে দল আইসিসি ট্রফি জিততে পারে। তাই দেশের মাঠে কোহলির বিজয়কেতনের পরেও তিনি ছিলেন উচ্ছ্বাসহীন। একটা কথাই বলে এসেছেন, আইসিসি ট্রফি জিততে না পারলে সেই দলের নেতাকে আমি তালিকায় রাখব না। কেন কী কারণে সেটি বলেছিলেন, আজ পরিষ্কার হয়ে গিয়েছে।