
শেষ আপডেট: 23 December 2023 14:03
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় কুস্তিতে ফের বড় বিতর্ক। একদিকে যখন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে কুস্তিগিরদের কয়েকজন আন্দোলনে নেমেছেন, সেইসময় পালটা তোপ প্রাক্তন সংস্থার সভাপতিরও।
কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সেই নিয়ে তদন্ত চলছে। কিন্তু কেন্দ্র সরকারের যে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেটি তারা নেয়নি। সেই প্রতিবাদে আবার বজরং পুনিয়ার মতো অলিম্পিয়ানও পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখাও হয়নি তারকার। সেইসময় তিনি ক্ষুব্ধ হয়ে সংসদের রাস্তায় ওই পদ্মশ্রী পদক ও মানপত্র ফেলে রেখে চলে আসেন।
ব্রিজভূষণের ঘনিষ্ঠ কর্তা সঞ্জয় সিং কুস্তি সংস্থার সভাপতি হয়েছে। তাতে বকলমে বলা যায় বিজেপি সাংসদ ব্রিজভূষণের ক্ষমতাই রয়ে গিয়েছে। সেক্ষেত্রে মহিলা কুস্তিগিররা সুরক্ষিত নন। সেই দাবি তুলে সাক্ষী মালিকের মতো অলিম্পিক্স পদকজয়ী তারকাও খেলা থেকে অবসর ঘোষণা করেছেন। শুধু তাই নয়, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে দেখাও করেছেন সাক্ষী।
এই ঘটনাকে কেন্দ্র করে তোপ দেগেছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। তিনি জানিয়েছেন, ‘বজরং, সাক্ষীদের প্রতিবাদের রাস্তায় বেশিরভাগ কুস্তিগিরই নেই। ওঁরা কংগ্রেসের কোলে বসে আন্দোলন করছে। সেটিকে কেউ ভালভাবে নিচ্ছে না। আমি কী তা হলে ওদের এই আন্দোলনের জন্য গলায় দড়ি দিয়ে ঝুলে যাব? কী বলতে চাইছেন ওরা?’
এখানেই শেষ না করে ব্রিজভূষণ আরও আক্রমণাত্মক ঢঙে বলেছেন, ‘এই যে দেশের কিছু কুস্তিগির আমার বিরুদ্ধে গালিগালাজ করছেন, আমার নামে নানা কথা বলছেন, এটা আমি কী করতে পারি? সাক্ষী মালিক অবসর নিয়ে ফেললেন। বজরং পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন? এইগুলো করার মানে কী! তদন্ত তো চলছে, আমার বিরুদ্ধে তো কোনওকিছুই প্রমাণ হয়নি। তার আগেই আমার বিরুদ্ধে এসব করার অধিকার ওঁদের কে দিয়েছে?’
এদিকে, বজরং পুনিয়া পদ্মশ্রী ফিরিয়ে নিজেই বিতর্ক সৃষ্টি করেছেন। এভাবে কেউ এই সম্মান ফেরাতে পারেন না। একমাত্র রাষ্ট্রপতি কারও থেকে এই সম্মান কেড়ে নিতে পারেন। স্বেচ্ছায় এই সম্মান ফেরানো যায় না। এটাই নিয়ম কেন্দ্রের নানা স্বীকৃতিতে।