
শেষ আপডেট: 16 January 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: এই কিশোর ক্রিকেটারের জীবনটা একটু অন্যরকম। অভাবে থাকা ক্রিকেটার পাদপ্রদীপের আলোয় এসেছেন, এরকম চিত্রনাট্য বেশি মানানসই এ দেশের ক্রিকেটে। কিন্তু কোচবিহার ট্রফিতে প্রখর চতুর্বেদী নামে এক তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে ৪০৪ রান। ৬৩৮ বল খেলে কর্নাটকের এই ব্যাটারের ইনিংসে নতুন কীর্তি স্থাপন হয়েছে।
ভারতের প্রথম কোনও ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের ইনিংস খেলেছেন। এর আগে ২৪ বছর আগে যুবরাজ সিং ৩৮০ রান করেছিলেন। ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা ৪০০ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৪ সালে।
দুই নামী ক্রিকেটারের কীর্তিকে ছাপিয়ে যাওয়া প্রখরের পরিবার খুবই বিত্তশালী। বাবা সঞ্জয় কুমার চতুর্বেদী ইলেকট্রনিক সফটওয়্যার কোম্পানির মালিক। তিনি নিজেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। প্রখরের মা রূপা দেবী নিজেদের ইলেকট্রনিক কোম্পানির টেকনিক্যাল পরামর্শদাতা। বাবা-মা চাইতেন তাঁদের ছেলেও বড় হয়ে ইঞ্জিনিয়ার হোন। কিন্তু প্রখরের ক্রিকেটার হয়ে ওঠার পথকে মসৃণ করেছিলেন তাঁর অভিভাবকরাই।
যুবরাজ, লারাদের রেকর্ড ভাঙার পরে দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারের জবাব, আমার বাবা-মা আমাকে ছোটবেলা থেকে স্বাধীনতা দিয়েছিলেন। তাঁরা আমার ওপর নিজেদের ইচ্ছেকে চাপিয়ে দেননি। যে কারণে আমি ক্রিকেটার হতে পেরেছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।
কর্নাটক এমনিতেই ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর। বিশ্বনাথ, কিরমানি, দ্রাবিড়, কুম্বলেদের শহর থেকে আরও এক উদীয়মান তারকার উত্থান ঘটছে। প্রখর তাঁর কোচ জয়সোয়ান্ত শর্মারও প্রশংসা করেছেন। কোচবিহার ট্রফিতে চারশ রানের ইনিংস খেলা তারকার মন্তব্য, কোচ আমাকে সাহস দিয়েছেন। একটা ছোট ইনিংসকে কী করে বড় করা যায়, সেই শিক্ষা দিয়েছেন।