
ফাইল ছবি
শেষ আপডেট: 18 April 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। মূলত এই কারণেই নাকি চাকরি গিয়েছে গৌতম গম্ভীরের তিন সহকারীর। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে নাকি ছাঁটাই করা হয়েছে দলের কোচিং ইউনিটকে আরও নির্মেদ বানানোর কথা মাথায় রেখে৷ এর পাশপাশি দলের এক ‘মেসেঞ্জার’, যিনি খবর আদানপ্রদান করতেন, যাঁর নাম জানা যায়নি, তাঁকেও অপসারিত করা হয়েছে।
উল্লেখ্য, কোচ গম্ভীরের মতো অভিষেকও কলকাতা নাইট রাইডার্সের শিবির ছেড়ে টিম ইন্ডিয়ার ক্যাম্পে যোগ দেন। গত বছর জুলাই মাসেই নতুন ঠিকানায় এসেছিলেন নায়ার। অন্যদিকে দিলীপ ও দেশাই যুক্ত হন যথাক্রম ২০২১ সালের নভেম্বর ও ২০২০-র অক্টোবর মাসে। এই ত্রয়ী গম্ভীরের সঙ্গে হাতে হাত মিলিয়ে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোয় বড় ভূমিকা নেন।
সূত্রের খবর, বিসিসিআইয়ের একাধিক শীর্ষ কর্তা টেস্ট ক্রিকেটে রোহিতদের হতশ্রী পারফরম্যান্সের পর এতসংখ্যক সাপোর্ট স্টাফ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষত, অস্ট্রেলিয়া সফরে দল বিধ্বস্ত হওয়ার পর এই জিজ্ঞাসাই গুরুতর হয়ে ওঠে। তাঁদের সিদ্ধান্ত ছিল, যেহেতু একাধিক কোচ অযথা রয়েছেন, সেই কারণে দল অহেতুক স্ফীত আকার ধারণ করেছে। তাই সাম্প্রতিক অপসারণের সিদ্ধান্তকে ঠিক ‘ছাঁটাই’ বলা যায় না। এটা আসলে গৌতম গম্ভীরের কোচিং ইউনিটকে আরও নির্মেদ, বাহুল্যহীন বানানোর পদক্ষেপ।
উল্লেখ্য, অতীতে কেএল রাহুলের মতো একাধিক ক্রিকেটার অভিষেক নায়ারের গুণগান গেয়েছেন। সাদা বলের ক্রিকেটে মানসিকতা বদলাতে সাহায্য করেছেন নায়ার—সাফ দাবি রাহুলের৷ একইভাবে বন্দিত হন টি দিলীপও। সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়া মাঠে দুর্দান্ত ফিল্ডিং পারফরম্যান্স দেখিয়েছে। যার ক্রেডিট দিলীপের প্রাপ্য বলেই মনে করেন অনেকে৷ পাশাপাশি যে মেসেঞ্জারকে সরানো হয়েছে, তিনিও দু'বছর ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রের খবর।