3.png)
অনরিখ নোখিয়া
শেষ আপডেট: 15 April 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: বাংলা বছরের প্রথমদিন বীর-জারা মুখোমুখি। কলকাতা নাইট রাইডার্স মুল্লানপুরের মাঠে নামবে পঞ্জাবের বিরুদ্ধে। এই দলে আবার রয়েছেন গতবার নাইটদের আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আয়ার। লিগ টেবিল অনুযায়ী কেকেআর আর পিবিকেএসের পয়েন্ট এক হলেও নেট রানরেটের বিচারে এগিয়ে রাহানেরা। যদিও পঞ্জাব একটি ম্যাচ কম খেলেছে। তবে দুই দলের সার্বিক পরিসংখ্যানে অবশ্য বেশ খানিকটা এগিয়ে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। ৩৩ বার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের, যেখানে কেকেআর জিতেছে ২১ বার।
তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাদশা খানের দল হার আর জিত, ফের হার, ফের জিত এভাবেই চলেছে এখন পর্যন্ত। তাই নাইট সমর্থকরা দ্বিধায় রয়েছেন। কারণ আগের ম্যাচে সিএসকেকে যে হারিয়েছেন পণ্ডিতের ছাত্ররা। তাই হার-জিতের দারাবাহিকতা বজায় থাকলে এই ম্যাচে যে হার অনিবার্য।
তবে এই ধারাবাহিকতা পরিবর্তনে মরিয়া কেকেআর। যে মাঠে খেলা হবে, সেই মুল্লানপুরের আয়তন ছোট। ফলে চেন্নাই ম্যাচের তিন স্পিনার ফর্মুলা থেকে সরে আসতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী তো অটোমেটিক চয়েজ, তাই কোপ পড়তে পারে মইন আলির ওপর।
পেস অ্যাটাকে হর্ষিত রানা আর বৈভব আরোরা থাকবেনই। এদিকে স্পেন্সার জনসন যেটুকু সুযোগ পেয়েছেন, নজর কাড়তে পারেননি। প্রচুর রান বিলিয়েছেন। তাই অনরিখ নোখিয়াকে আজ প্রথম একাদশে দেখা যেতে পারে। তাঁর বলের গতি স্পেনসারের থেকে বেশি, অভিজ্ঞতাও অনেক। বহুবছর আইপিএল খেলছেন। পাশাপাশি পঞ্জাব ম্যাচের আগে নেটেও অনেক সপ্রতিভ লেগেছে তাঁকে। তাই তাঁর প্রথম একাদশে অন্তর্ভুক্তি আজ মনে হচ্ছে সময়ের অপেক্ষা।
ব্যাটিং স্লটে সম্ভবত কোনও পরিবর্তন হবে না। দুই ওপেনার কুইন্টন ডি’কক এবং নারাইন পাকা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অঙ্গকৃশ রঘুবংশীকে খেলানো হতে পারে। থাকছেন রাহানে, বেঙ্কটেশ আয়ার। রমনদীপ সিংহ এবং রিঙ্কু সিংহ।
পাশাপাশি আরও একটি পরিবর্তন হতে পারে। কারণ আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কেকেআর শিবির। তাঁকে দিয়ে সে ভাবে বল করানো হচ্ছে না। ব্যাট হাতেও সফল নন। তাঁর জায়গায় রভমান পাওয়েলকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে।