
শেষ আপডেট: 29 October 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের একেনা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চলতি বিশ্বকাপে দুই দলেরই এটা ষষ্ঠ ম্যাচ। এই ম্যাচে রোহিত শর্মাদের হাতে দেখা গেল কালো রঙের ব্যান্ড!
টস হেরে এদিন প্রথম ব্যাট করছে ভারত। ম্যাচের আগে রীতি মেনেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সেই সময় দেখা গেল ভারতীয় দলের প্রত্যেকের হাতে রয়েছে কালো ব্যান্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই জানিয়েছে, প্রয়াত ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার বিষান সিং বেদীর স্মরণে ভারতীয় ক্রিকেটাররা রবিবারের ম্যাচে কালো ব্যান্ড পরে নামবেন।
গত ২৩ অক্টোবর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বিষান সিং বেদী। ভারতীয় ক্রিকেট দলকে একসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি 'নায়ক' হয়েছে। ভারতীয় ক্রিকেটে বেদীর অবদান অনস্বীকার্য।
১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ ম্যাচ খেলেন তিনি। টেস্টে ২৬৬টি উইকেট। ওয়ান ডে ক্রিকেটে উইকেটের সংখ্যা ৭টি। ভারতীয় ক্রিকেটে পতৌদির পরে বেদী অধিনায়ক হয়েছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৭ বছর বয়সি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির। দু’বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বেদীর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২১ সালে বাইপাস সার্জারি হয়েছিল। তারপর থেকে ঘরেই থাকতেন। নবমীর দিন শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ভারতীয় স্পিনার। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি। ভারতের স্পিন আক্রমণে বড় ভূমিকা নিয়েছিলেন বেদী।