
শেষ আপডেট: 23 December 2023 11:40
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা সফরের পরেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু সেই সিরিজে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। শুধু তিনি নন, হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনাও কম। এই খবর ছড়িয়ে পড়তেই কৌতূহল শুরু হয়েছে, ফের কি নতুন অধিনায়ককে পাবে ভারত?
আগামী ১১ জানুয়ারি থেকে আফগানদের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে। হার্দিক না থাকায় ভারতের টি২০ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে সূর্যকুমারকে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকেই দায়িত্ব দেওয়া হবে তা এক প্রকার নিশ্চিত ছিল।
তবে জোহেনসবার্গে দক্ষিণ অফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মোচকে যায় সূর্যের। সেই চোটই ভোগাচ্ছে তাঁকে। জানা গেছে, চোটের যা অবস্থা তা সারাতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। বিসিসিআই সূত্রে খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করেছেন সূর্যকুমার। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ভারতীয় ব্যাটারের চোটের অবস্থা ভাল নয়। তিন সপ্তাহের মধ্যে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে তাই খেলার সম্ভাবনা কম।
মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির মধ্যেই ফিট হয়ে যাবেন সূর্য। আইপিএলের আগে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে পারেন তিনি। হার্দিক, সূর্য না খেললে দলের অধিনায়ক কে হবেন? বিসিসিআই এক কর্তা জানিয়েছেন, রোহিত শর্মাকে আফগানিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা বলা হতে পারে। তবে রবীন্দ্র জাডেজাকে ফেরানো হতে পারে নেতৃত্ব দেওয়ার জন্য। এখন দেখার নির্বাচকরা কী করেন।